বুধবার, এপ্রিল ১, ২০২৬

জ্বালা জ্বালা’য় আগুন ঝরালেন শাকিব-ফারিণ, ঈদে মাতাচ্ছে ‘প্রিন্স’

  • বিনোদন ডেক্স
  • ২০২৬-০৩-২২ ১১:০০:২০
ছবি: সংগৃহীত।

ঢালিউড তারকা শাকিব খান ও অভিনেত্রী তাসনিয়া ফারিণ-এর আইটেম গান ‘জ্বালা জ্বালা’ প্রকাশের পর থেকেই দর্শকদের মধ্যে ব্যাপক উন্মাদনা ছড়িয়েছে। প্রিন্স সিনেমার এই গানটি মুক্তি পেয়েই প্রশংসায় ভাসছে।
নায়কের স্টাইলিশ উপস্থিতি ও নায়িকার আবেদনময়ী নাচ দর্শকদের মুগ্ধ করেছে। বিশেষ চমক হিসেবে গানটিতে কণ্ঠ দিয়েছেন কিংবদন্তি সংগীতশিল্পী রুনা লায়লা। তার সঙ্গে কণ্ঠ মিলিয়েছেন প্রীতম হাসান।
এর আগে ‘ইনসাফ’ সিনেমার ‘আকাশেতে লক্ষ তারা ২.০’ গানে আলোচিত হওয়ার পর ‘জ্বালা জ্বালা’য় আবারও নাচে ঝড় তুলেছেন তাসনিয়া ফারিণ। শাকিব খানের সঙ্গে প্রথমবার তার রসায়ন ভক্তদের নজর কেড়েছে। গানটির সেট ডিজাইন, দৃশ্যায়ন ও রঙের ব্যবহারেও দেখা গেছে জমকালো আয়োজন।
শাকিব খানের চলচ্চিত্রে প্রীতম হাসানের আইটেম গান যেন এখন নিয়মিত বিষয় হয়ে উঠেছে। গত দুই বছরে একাধিক ঈদে তার সুর ও সংগীতে তৈরি গানগুলো ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে। ‘জ্বালা জ্বালা’ গানটির কথাও লিখেছেন রাসেল মাহমুদ রুশো।
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে মুক্তি পাওয়া ‘প্রিন্স’ সিনেমাটি মাল্টিপ্লেক্স ও একক প্রেক্ষাগৃহ মিলিয়ে ১৩২টি হলে প্রদর্শিত হচ্ছে। ছবিটির পরিচালনা করেছেন আবু হায়াত মাহমুদ, যা তার প্রথম চলচ্চিত্র। নব্বই দশকের ঢাকার আন্ডারওয়ার্ল্ডকে কেন্দ্র করে নির্মিত হয়েছে সিনেমাটি।
ছবিতে শাকিব খানের সঙ্গে অভিনয় করেছেন পশ্চিমবঙ্গের জ্যোতির্ময়ী কুণ্ডু। এছাড়া আরও আছেন দিব্যেন্দু ভট্টাচার্য, ইন্তেখাব দিনার, ডা. এজাজ, রাশেদ মামুন অপু ও শরীফ সিরাজসহ অনেকে। বাংলাদেশ, ভারতের রাজস্থান এবং শ্রীলঙ্কার কলম্বোতে সিনেমাটির চিত্রায়ন করা হয়েছে।
‘প্রিন্স’ চলচ্চিত্রটি প্রাপ্তবয়স্কদের জন্য উপযোগী সনদ পেয়েছে এবং এর দৈর্ঘ্য ২ ঘণ্টা ২৯ মিনিট। গল্প, চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন মেজবাহ উদ্দীন সুমন ও মোহাম্মদ নাজিমউদ্দিন। আবহ সংগীত পরিচালনা করেছেন আরাফাত মহসীন নিধি।

কী-ওয়ার্ডস: জ্বালা জ্বালা গান,শাকিব খান প্রিন্স,তাসনিয়া ফারিণ নাচ


এ জাতীয় আরো খবর