বুধবার, এপ্রিল ১, ২০২৬

ক্রীড়াবিদদের আর্থিক নিরাপত্তায় নতুন যুগ, ক্রীড়া কার্ড ও ভাতা চালু করলেন তারেক রহমান

  • সকালের আলো প্রতিবেদক
  • ২০২৬-০৩-৩০ ১২:৩১:৫৭
ছবি: সংগৃহীত।

দেশের ক্রীড়াবিদদের আর্থিক সুরক্ষা নিশ্চিত করতে ক্রীড়া কার্ড ও ভাতা প্রদান কার্যক্রমের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার সকালে রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা হলে আয়োজিত অনুষ্ঠানে এ কর্মসূচি আনুষ্ঠানিকভাবে শুরু হয়।
‘ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা’ প্রতিপাদ্যে চালু হওয়া এই উদ্যোগের আওতায় প্রথম ধাপে ১২৯ জন ক্রীড়াবিদের হাতে ক্রীড়া কার্ড তুলে দেন প্রধানমন্ত্রী। একই সঙ্গে ল্যাপটপে বাটন প্রেসের মাধ্যমে সোনালী ব্যাংক-এর অনলাইন সিস্টেমে প্রত্যেক ক্রীড়াবিদের মোবাইলে এক লাখ টাকা করে ভাতা পাঠানো হয়।
অনুষ্ঠানে আন্তর্জাতিক পর্যায়ে সাফল্য অর্জনকারী ক্রীড়াবিদদের সম্মাননাও প্রদান করা হয়। কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া আয়োজনের শুরুতে স্বাগত বক্তব্য দেন ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মাহবুবউল আলম। পরে দেশের ক্রীড়াঙ্গনের ইতিহাস ও উন্নয়ন পরিকল্পনা নিয়ে একটি ভিডিওচিত্র প্রদর্শন করা হয়।
এ কর্মসূচির আওতায় ফুটসালজয়ী নারী দলসহ কাবাডি, ভলিবলসহ বিভিন্ন ডিসিপ্লিনের মোট ১২৯ জন ক্রীড়াবিদ অন্তর্ভুক্ত হয়েছেন। সরকার ঘোষিত পরিকল্পনা অনুযায়ী ধাপে ধাপে মোট ৫০০ জন ক্রীড়াবিদকে বেতন কাঠামোর আওতায় আনা হবে।
যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক জানান, অন্তর্ভুক্ত ক্রীড়াবিদদের প্রতি চার মাস পরপর পারফরম্যান্স মূল্যায়ন করা হবে। নির্ধারিত মান বজায় রাখতে পারলে তারা এই সুবিধা অব্যাহতভাবে পাবেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ মন্ত্রিসভার সদস্য ও বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।
সংশ্লিষ্টরা মনে করছেন, এই উদ্যোগ দেশের ক্রীড়াঙ্গনে পেশাদারিত্ব বাড়াবে এবং ক্রীড়াবিদদের সামাজিক ও আর্থিক নিরাপত্তা নিশ্চিত করে নতুন দিগন্ত উন্মোচন করবে।

কী-ওয়ার্ডস:ক্রীড়া কার্ড ভাতা,তারেক রহমান ক্রীড়া,বাংলাদেশ ক্রীড়াবিদ সহায়তা


এ জাতীয় আরো খবর