বুধবার, এপ্রিল ১, ২০২৬

বিশ্বকাপের আগে ধাক্কা, কোচ বদলে অনিশ্চয়তায় ঘানা ফুটবল

  • স্পোর্টস ডেস্ক
  • ২০২৬-০৩-৩১ ১০:৫০:১০
ছবি: সংগৃহীত।

২০২৬ বিশ্বকাপের আর মাত্র দুই মাসের বেশি সময় বাকি থাকতেই বড় সিদ্ধান্ত নিয়েছে ঘানা ফুটবল অ্যাসোসিয়েশন। প্রস্তুতি ম্যাচে হতাশাজনক পারফরম্যান্সের পর জাতীয় দলের প্রধান কোচ অটো আডো-কে বরখাস্ত করা হয়েছে।
জার্মানির কাছে ২-১ গোলে হারের কয়েক ঘণ্টার মধ্যেই এই সিদ্ধান্ত জানানো হয়। এর আগে ইউরোপ সফরে গিয়ে অস্ট্রিয়ার বিপক্ষে ৫-১ গোলের বড় ব্যবধানে হেরে চাপে পড়ে ‘ব্ল্যাক স্টারস’।
এক বিবৃতিতে জিএফএ জানায়, তাৎক্ষণিকভাবে কার্যকর হওয়া সিদ্ধান্তে কোচ অটো আডোর সঙ্গে আনুষ্ঠানিক সম্পর্ক ছিন্ন করা হয়েছে। একইসঙ্গে তার অবদানের জন্য ধন্যবাদ জানিয়ে ভবিষ্যতের জন্য শুভকামনাও জানিয়েছে সংস্থাটি।
২০২৪ সালের মার্চে দ্বিতীয় দফায় দায়িত্ব নেওয়ার পর আডোর অধীনে ঘানা ২২ ম্যাচে মাত্র ৮টিতে জয় পায়, বিপরীতে হারে ৯টিতে। তার কোচিংয়েই দলটি ২০২৫ আফ্রিকান কাপ অব নেশনসের মূল পর্বে জায়গা করে নিতে ব্যর্থ হয়।
এর আগে ২০২২ কাতার বিশ্বকাপ-এও ঘানার দায়িত্বে ছিলেন আডো। দক্ষিণ কোরিয়ার বিপক্ষে জয় পেলেও পর্তুগাল ও উরুগুয়ের কাছে হেরে গ্রুপ পর্ব থেকেই বিদায় নিতে হয়েছিল দলটিকে।
আসন্ন বিশ্বকাপে পঞ্চমবারের মতো অংশ নিতে যাচ্ছে ঘানা। ‘এল’ গ্রুপে তাদের প্রতিপক্ষ হিসেবে রয়েছে শক্তিশালী ইংল্যান্ড, ক্রোয়েশিয়া এবং পানামা।
বিশ্বকাপের ঠিক আগে কোচ পরিবর্তনের ফলে দল গুছিয়ে নেওয়া এখন বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। নতুন কোচ নিয়োগ, কৌশল নির্ধারণ এবং খেলোয়াড়দের মানসিকভাবে প্রস্তুত করা—সব মিলিয়ে ঘানার সামনে কঠিন সময় অপেক্ষা করছে।

কী-ওয়ার্ডস:ঘানা কোচ বরখাস্ত,বিশ্বকাপ প্রস্তুতি,অটো আডো


এ জাতীয় আরো খবর