রবিবার, অক্টোবর ২৫, ২০২৬

প্রার্থনাময় রোজা শেষের পুন্যস্নাত দিন

  • নাজমা বেগম নাজু
  • ২০২৬-০৩-২১ ২১:২৮:১১

রোদের মত সূর্য - তরুণ অরুণ শিখার মত
আকাশ নীলের এক ফালি চাঁদ
মেঘের মত অরণ্য দিন, সুবাস বুকে নিয়ে
ঈদের ছোঁয়া ধরার ধুলোয় রাখে।
যুগের পরে যুগ কেটেছে 
মানবপ্রেমী অপেক্ষাতে
চাঁদটা যেন মহামানব,  হঠাৎ ----
অনেক আলোর মশাল - সব হৃদয়ে -
সবার ঘরে রাখে। ঘরে ঘরে ঈদ--
ঈদ সে তো নয়, লক্ষ চাঁদের হৃদয় নিবিড় 
অবাধ জেছনা পরাগ। 
দু' চোখ ভরা আলোর প্রদীপ
এগিয়ে চলার বাসন্তিকা দিন।
নিযুত দিনের সকাল দুপুর সন্ধ্যা জুড়ে
যত শত ফুল 
ছড়িয়ে সুবাস হাজার ফুলের 
ঈদ যেন আজ হৃদ গহীনের 
কোটি ফুলের শ্বাস-
হৃদয় নিবিড় প্রার্থনা, ভোর-,
নতুন জাগরণ, জগত সেরা দিন।
উছলে ওঠা নতুন ভোরের ক্ষণ
আসছে ভীষণ ভালোবেসে;
চলো সব ভুলে যাই-
অতীত গ্লানি, দুঃখ শোকের নিথর সরোবর, 
আজ হতে হোক 
নতুন দিনের - নতুন করে ভালোবাসার
স্বপ্ন দেখার, - প্রার্থনাময় রোজা শেষের 
পুন্যস্নাত দিন।
ঈদের মত শুভেচ্ছা আর স্বজন ছোঁয়া নিয়ে
প্রতিদিনের প্রতি নিমেষ
ঈদ মুবারক হোক।


এ জাতীয় আরো খবর