রবিবার, অক্টোবর ২৫, ২০২৬

তোদের অপেক্ষায়

  • অর্চনা মালাকার
  • ২০২৬-০৩-২১ ২১:২২:১৮

ঈদ এলেই তোকে মনে পড়ে খোকা,
রোজার দিনগুলো শেষ হয়ে আসছে --
ছুটিও ঘোষণা হয়ে গেছে।
তোর চাচারা এবার আগেই বাড়ি ফিরেছে।
জানালায় দাঁড়িয়ে থাকি তোদের অপেক্ষায়,
বাস থামে -- কতজন ওঠানামা করে
মনে হয় এই বুঝি তোরা নামবি মেরুন রঙের ট্রলি হাতে।
এমনি ভাবেই কতদিন কেটে যায়
তুই, ছোটখোকা, তোর বাবা কেউই এলি না,
তোদের কারোরই কী আমার কথা মনে হয় না?
জানিস খোকা আমি আর ইফতারি সাজাও না
একমুঠো মুড়ি মুখে দিয়েই রোজা ভাঙি।
তোর দেওয়া শাড়িটা পরা হয়নি
তোর সামনে পরবো বলে রেখে দিয়েছি,
তোর বাবার পাঞ্জাবিটাও ওঠানো আছে।
তোরা একসাথে আসবি বলেছিলি --
আমি তোদের পছন্দের খাবার রেঁধে রেখেছিলাম সেদিন,
ইফতারি সাজিয়ে বসেছিলাম --- তোরা এলি না,
সন্ধ্যা গড়িয়ে রাত --- তারাবি নামাজ শেষ --
হঠাৎ দরজায় পলাশের গলার আওয়াজ পেয়ে
বাইরে বেরিয়ে এসে দেখি সাদা কাফনে মোড়ানো তিন তিনটি লাশ।
তোরা একসাথে বাড়ি এলি অথচ আমার খবর নিলি না
সেই থেকে আজও আমি যন্ত্রণার পাহাড় বুকে নিয়ে
বসে থাকি তোদের অপেক্ষায়।

 


এ জাতীয় আরো খবর