যথাযোগ্য ধর্মীয় মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে রাজশাহী মহানগরী ও আশপাশের উপজেলাগুলোতে উদ্যাপিত হচ্ছে পবিত্র ঈদুল ফিতর। পদ্মা তীরের এই শহরে সকাল থেকেই ছড়িয়ে পড়ে উৎসবের আমেজ, যদিও বৃষ্টিপাত কিছুটা বিঘ্ন সৃষ্টি করে।
ঈদ উপলক্ষে নগরীর প্রধান সড়ক ও মোড়গুলো রঙিন ব্যানার ও ফেস্টুনে সজ্জিত করা হয়। বৃষ্টির কারণে নির্ধারিত খোলা জায়গার পরিবর্তে সকাল ৮টায় হযরত শাহ মখদুম মসজিদ-এ প্রধান ঈদ জামাত অনুষ্ঠিত হয়।
জামাতে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু, বিভাগীয় কমিশনার ড. আ.ন.ম বজলুর রশিদ এবং সিটি কর্পোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান রিটনসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, রাজনৈতিক নেতা-কর্মী এবং সর্বস্তরের মুসল্লিরা অংশ নেন।
নামাজ শেষে খুতবায় ইসলামি ভ্রাতৃত্ববোধ ও সম্প্রীতির ওপর গুরুত্বারোপ করা হয়। বিশেষ মোনাজাতে দেশ ও জাতির সুখ-শান্তি এবং মুসলিম উম্মাহর ঐক্য ও সমৃদ্ধি কামনা করা হয়। পরে উপস্থিতরা একে অপরের সঙ্গে কোলাকুলি করে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন।
গণমাধ্যমকে ভূমিমন্ত্রী বলেন, ঈদ মানুষের মধ্যে ভেদাভেদ ভুলে ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হওয়ার শিক্ষা দেয়। অন্যদিকে সিটি কর্পোরেশনের পক্ষ থেকে জানানো হয়, নগরবাসীর ঈদ উদ্যাপন নির্বিঘ্ন করতে বিশেষ পরিচ্ছন্নতা কার্যক্রম ও আলোকসজ্জার ব্যবস্থা নেওয়া হয়েছে।
মহানগরীর বিভিন্ন ঈদগাহ ও মসজিদে সকাল ৭টা থেকে ৯টার মধ্যে পর্যায়ক্রমে ঈদের জামাত সম্পন্ন হয়। নিরাপত্তা নিশ্চিত করতে প্রতিটি ঈদগাহ ও আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সতর্ক অবস্থানে দেখা যায়।
নামাজ শেষে নগরবাসী আনন্দ-উৎসবে মেতে ওঠেন। বিকেলে পদ্মা পাড়, চিড়িয়াখানা ও বিভিন্ন বিনোদনকেন্দ্রে দর্শনার্থীদের ভিড় বাড়বে বলে ধারণা করা হচ্ছে।
কী-ওয়ার্ডস: রাজশাহীতে ঈদ, শাহ মখদুম মসজিদ, ঈদ জামাত রাজশাহী