বুধবার, আগস্ট ১৯, ২০২৬

এ স এ ম আ জা দ হো সে ন

  • আইনের শাসন
  • ২০২৬-০২-২৫ ১৮:১৩:০৭

রাষ্ট্র যদি হয় একটি বিশাল অট্টালিকা,
তবে তার ভীত হলো আইন-
অদৃশ্য, কিন্তু অনিবার্য;
কেউ দেখে না,
তবু সবাই দাঁড়িয়ে থাকে তার উপর।

আইনের শাসন মানে কেবল ধারা-উপধারা নয়,
নয় কাগজে ছাপা কালো অক্ষরের আনুগত্য-
এ মানে সমান চোখে দেখা
ক্ষমতা ও সাধারণ মানুষকে,
প্রাসাদ আর পল্লির মধ্যে
একই মানদণ্ড টেনে দেওয়া।

যেখানে বিচারকাঠি বাঁকে না
চাপের ভারে,
যেখানে সত্য লুকায় না
টাকার শব্দে,
যেখানে থানার দরজা
দরিদ্রের জন্যও খোলা থাকে
সমান মর্যাদায়।

আইনের শাসন মানে-
কোনো ফোনকলের প্রভাব নয়,
কোনো পরিচয়ের অহংকার নয়,
কোনো দলের পতাকা নয়;
বরং সংবিধানের নীরব অথচ দৃঢ় ঘোষণা-
'সবাই সমান,
আইনের চোখে সবাই নাগরিক।'

যে রাষ্ট্রে আইন শক্তিশালী,
সেখানে নেতা বড় নয়,
পদ বড় নয়,
বড় হয় দায়িত্ব।
সেখানে ক্ষমতা মানে সেবা,
প্রভাব মানে জবাবদিহি।

আইনের শাসন মানে
রাতের অন্ধকারেও নিরাপত্তা,
ভোরের আলোয় আস্থার নিশ্বাস।
মানুষ জানে-
তার কণ্ঠস্বর থামানো যাবে না
অন্যায়ের বুটের নিচে।

যখন আইনের শাসন দুর্বল হয়,
তখন ভিড়ে হারিয়ে যায় ন্যায়,
অভিযোগ জমে থাকে
দরজার ফাঁকে ফাঁকে;
অবিশ্বাস ছড়িয়ে পড়ে
ধোঁয়ার মতো শহরের আকাশে।

কিন্তু যখন আইন জেগে ওঠে-
স্বচ্ছ, নিরপেক্ষ, দৃঢ়,
তখন রাষ্ট্র হয় এক নিরাপদ আশ্রয়,
যেখানে শিশুর ভবিষ্যৎ
কোনো ক্ষমতাবানের মর্জির উপর নির্ভর করে না।

আইনের শাসন মানে
দোষী যে-ই হোক,
তার পরিচয় নয়,অপরাধ কথা বলবে;
নির্দোষ যে-ই হোক,
তার দুর্বলতা নয়, অধিকার জিতবে।

এ এক অবিরাম লড়াই-
অন্যায়ের বিরুদ্ধে নীরব প্রতিরোধ,
দুর্নীতির বিরুদ্ধে দৃশ্যমান প্রতিবাদ,
ভয়ের বিরুদ্ধে সাহসের স্থাপত্য।

রাষ্ট্র টিকে থাকে সেনাবাহিনীর শক্তিতে নয়,
টিকে থাকে ন্যায়বিচারের ভিতের উপর।
আইনের শাসনই সেই ভিত-
যেখানে নাগরিক মাথা উঁচু করে বলে,
'আমি নিরাপদ,
কারণ আইন আছে-
এবং সে আইন সবার জন্য সমান।


এ জাতীয় আরো খবর