দীর্ঘ অপেক্ষার পরও বুকের হাহাকার কিংবা
দীর্ঘশ্বাস যখন তুমুল ঝড় হয়ে বয়ে যায়
সবুজ ঘাসের উঠানে;
রাতের জ্যোৎস্নাজলে তখন স্পষ্টই ফুটে উঠে
মায়াময় এক জটিল জীবনের অংক!
কখনো কখনো মানুষের মনন, বিশ্বাসের অকুল
পাথার আর অনুভূতির ঢেউ মিলে সৃষ্টি হয়
একটি নিরাপদ আকাশ ও শান্তিময় সুন্দর পৃথিবী;
যেখানে কন্ঠের উঠানামায় প্রেম ও
ভালোবাসার অনন্য স্বীকৃতি লেখা থাকে।
এমনকি কোনো কোনো মানুষের প্রাণখোলা
হাসির আওয়াজেও ফুটে উঠে স্বর্গীয় ধ্বনি
আবার সবার কান্না শোক কিংবা কষ্ট নয়, শ্লোক!
ভালো মন্দ যাই হোক,
মূলত বিস্ময়কর পৃথিবীর বুকে
স্রষ্টার সব সৃষ্টিই একেকটি অসাধারণ কাব্য!