সাতক্ষীরা : সাতক্ষীরা ও কলারোয়া সীমান্ত এলাকায় চোরাচালান বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে দুই লক্ষ আট হাজার পাঁচশত টাকা মূল্যের ভারতীয় মালামাল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বিজিবি সূত্র জানায়, মঙ্গলবার (০৪ ফেব্রুয়ারি ২০২৬) সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) এর অধীনস্থ তলুইগাছা, কাকডাঙ্গা, মাদরা ও হিজলদী বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় একযোগে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ভারত থেকে অবৈধভাবে পাচারকৃত ঔষধ, শাড়ি ও আগরবাতি জব্দ করা হয়।
তলুইগাছা বিওপির বিশেষ আভিযানিক দল সীমান্ত পিলার ১৩/৩ এস এর ১৫ আরবি হতে আনুমানিক ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে সাতক্ষীরা সদর থানাধীন গোবরপোতা এলাকা থেকে ৭০ হাজার টাকা মূল্যের ভারতীয় ঔষধ আটক করে। অপরদিকে কাকডাঙ্গা বিওপির বিশেষ আভিযানিক দল সীমান্ত পিলার ১৩/৩ এস এর ৬ আরবি হতে প্রায় ৪০০ গজ বাংলাদেশের ভেতরে কলারোয়া থানাধীন গেরাখালি এলাকা থেকে ৯০ হাজার টাকা মূল্যের ভারতীয় শাড়ি জব্দ করে।
এছাড়া মাদরা বিওপির বিশেষ আভিযানিক দল সীমান্ত পিলার ১৩/৩ এস এর ১১ নম্বর পিলার সংলগ্ন এলাকা হতে আনুমানিক ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কলারোয়া থানাধীন চান্দামাঠ এলাকা থেকে ৫২ হাজার ৫০০ টাকা মূল্যের ভারতীয় শাড়ি আটক করে। সর্বমোট জব্দকৃত চোরাচালানী মালামালের মূল্য দুই লক্ষ আট হাজার পাঁচশত টাকা।
বিজিবি জানায়, চোরাকারবারীরা শুল্ককর ফাঁকি দিয়ে অবৈধভাবে ভারত হতে এসব মালামাল বাংলাদেশে পাচারের চেষ্টা করছিল। এ ধরনের চোরাচালানের ফলে দেশীয় শিল্প ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি সরকার উল্লেখযোগ্য রাজস্ব আয় থেকে বঞ্চিত হচ্ছে। উদ্ধারকৃত মালামাল সাতক্ষীরা কাস্টমসে জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
এ বিষয়ে সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল কাজী আশিকুর রহমান, ওএসপি, পিএসসি জানান, সীমান্তে চোরাচালান ও অবৈধ কার্যক্রম রোধে বিজিবির অভিযান অব্যাহত থাকবে। স্থানীয় জনগণ বিজিবির এই উদ্যোগকে সাধুবাদ জানিয়ে ভবিষ্যতেও এ ধরনের অভিযান জোরদার করার আহ্বান জানিয়েছেন।