একটা আশ্চর্য খেলা চলছে
ইদানীং কোনো নেকড়ে ভেড়া শিকার করে খাচ্ছেনা
ঘাড়ের কাছে কামড়ে ধরে
নিয়ে আসছে মেষপালকের কাছে
মেষপালক প্রতিটা ভেড়ার বদলে নেকড়েগুলোকে
উপহার দিচ্ছে একজন করে মানুষ
আর ভেড়াগুলোকে বিক্রি করছে কষাইখানায়।
কষাইখানার বাইরে ভেড়াদের লম্বা লাইন
কষাই মেষপালকের দেওয়া ভেড়াগুলোকে জবাই করছে
আর সেই মাংস বিক্রি করছে
দোকানের সামনে অপেক্ষমাণ ভেড়াদের কাছে।
ভেড়াগুলো খুব তৃপ্তি করে চিবিয়ে যাচ্ছে
সুস্বাদু মেষেদের চর্বিওয়ালা মাংস।
আলোচনা করছে কোন ভেড়াটার মাংস বেশী স্বাদু।
নেকড়ে - মেষপালক আর কষাইয়ের সিন্ডিকেট
মনের আনন্দে বিক্রি করে যাচ্ছে
পর্বতমালা, নদী, সমুদ্র, তেলের খনি, আর আকাশ।
মানুষগুলো নেকড়ের সামনে দাঁড়িয়ে অসহায় ভাবে কাঁপছে। আর আবৃত্তি করছে --
তুমিই হে মাতা - পিতা তুমি ওগো -
তুমিই হে বন্ধু - সখা তুমি...