আমি এক স্বাপ্নিক সাধারণ
দুর্যোগ, অত্যাচার বেশী করে চেনে আমায়
বাঁচতে চাইলে মৃত্যুপথ সামনে আসে
বলতে চাইলে নজরুল অসুখে আক্রান্ত হই
লক্ষ্যপথে চলতে এবং
স্বপ্ন গড়তে চাইলে সমাজপতিরা ইংরেজ হাসি হাসে
আমি তিতুমীর বাঁশেরকেল্লা'য় নির্ভীক
আমি এক সামান্য সাধারণ
নৈশ ভোজের উচ্ছিষ্ট চেনে আমায়
চেনে আবর্জনার প্লাস্টিক, পলিপ্যাক
ত্যক্ত স্যাণ্ডেল জুতো, বাতিল কাপড়চোপড়
ডোবার জলকলমি, বুনো কচুঘেঁচু, ওল, ঘ্যাটকোল
আমার কান্নাফল ওদের বিশেষ চেনা
আমি এক ক্ষুদ্র সাধারণ
ক্ষুধাতৃষ্ণা আর অচল ধুলোমাটি আমার পরিজন
কোনো উদ্যান, ফুটপাতের কঠিন শান
ট্রেন ইষ্টিশন, ফেরিঘাট, বস্তির চৌপাশ
আমার আত্মাশ্রয়
মহাকাশে মহাকালের ভ্রমণ, আলোর বিকাশ
আমি ঘুরছি গর্তের দমবন্ধ পচন খাদ্য সম্ভারে
এ যুগে
বিলাস নমস্যের দারস্থ হতে বিবেকে প্রচণ্ড বাঁধে
ওরা মঞ্চশিল্পী, ওরা নগদ লোভী, ওরা স্পর্শকামী
আমি সাধারণ এক প্রকৃতি পাঠক
পিঁপড়া নই সঞ্চয়ী হব
পরাশ্রিত নই, অহংকার ছড়াবো
জীবননগরে শূন্য হাতে আসা আমি পুণ্য সন্ধানী
পূর্ণতা পেতে ফিরে যাবো সীমান্তপথের ওপারে
আমি এক সম্পূর্ণাঙ্গী সাধারণ
ক্ষুধাতৃষ্ণা আর পলি ধুলোমাটি আমার পরিজন
সবিশেষ শ্রেষ্ঠ মানব আমার অহংকার,