সোমবার, মে ২৫, ২০২৬

রা ব বা নী স র কা র

  • সমতলে আসুন
  • ২০২৫-১২-০৯ ২৩:১১:২১

গগনচুম্বী অট্টালিকা গড়েছেন যারা বিলাসে
সম্পদের পাহাড় গড়েছেন অমিত হরষে
মাটিতে মিশে যাবার সময় হয়েছে তাদের।
সংকীর্ণ মোহে ভুলেছেন যারা বস্তিবাসীর কথা
জীবন ক্ষণস্থায়ী জেনেও ছুঁয়েছেন অধরা চাঁদ
সময় হয়েছে তাদের বক্ষ বিদীর্ণ আর্তনাদ শোনার,
সমতলে নেমে আসুন, কাতারবন্দি হোন আজ
সময় কড়া নাড়ছে শোকের মাতম তোলার।
একটিমাত্র শব্দে বিলীন হতে পারে সমৃদ্ধ নগর,
ভবনধসে চাপা পড়তে পারে লক্ষাধিক মানুষ
কারো কান্না শোনার সময় থাকবে না সেদিন
সৎকারে কোনো স্বজন খুঁজে পাওয়া যাবে না
পচা গন্ধে ভারী হয়ে উঠবে চারপাশ।
সেদিনও লুটপাটে মেতে উঠবে এই মানুষ
খুলে নেবে কানপাশা, খুলে নেবে গলার হার ---
মরেও রেহাই পাবে না, কঙ্কালে ছেয়ে যাবে বাজার।
ভবিতব্য যদি এই হয় অদূর আগামীর আয়নায়
তবে নেমে আসুন এই সমতলে
ধুলোর আস্তরণ থাকুক আমাদের বেনামি শয্যায়।

 


এ জাতীয় আরো খবর