সোমবার, অক্টোবর ৫, ২০২৬

মো শা হে দ চৌ ধু রী

  • আমার আজন্ম সাধ
  • ২০২৫-১০-১০ ১১:০১:২৭

আমার আজন্ম সাধ একটি মুক্ত আকাশ চাই
আকাশে মেঘের নদী, পাশে রবে সুরের নির্ঝরা,
সাদা মেঘ পার হবো, ছুঁয়ে যাবো রৌদ্র-রোশনাই 
শব্দহীন নীলিমার শূন্যে বাজে গানের অন্তরা।

নিচের পৃথিবী থেকে পাবো কর্মক্লান্তি-শূন্য গতি
মুক্তির পালকে লেখা আমার অতীত জন্মকথা,
দিগন্ত রেখায় তবু ডেকে যাবে অলঙ্ঘ প্রতীতি
উড়ে চলার মুহূর্তে মেপে নেবো ধরার উচ্চতা।

তারার সংসারে খুঁজি আজো আনমনে অন্য কথা
চাঁদের পালক ঘেঁষে আমি সহসা নিজের হই,
স্বপ্ন আঁকি নোটবুকে লিখে রাখি আপন বারতা
অনন্ত পারের দেশে হৃদয় খোলে কাব্যের বই।

পৃথিবীর বাসা বিনা দিনযাপনের আশা আছে,
সেই অনুভব যেন তোমার আকাশ হতে কাছে।


এ জাতীয় আরো খবর