সোমবার, অক্টোবর ৫, ২০২৬

অ রু ণি মা চ্যা টা র্জী

  • শিরোনাম শেষ বেলায়
  • ২০২৫-১০-১০ ১০:৫৮:১৬

প্রেম তুই আস্কারা দিস, অপ্রেমে ফাঁকফোকরে 
প্রেম তুই আগলে রাখিস, ভাঙা মন বুক আগরে !
প্রেম তুই বেহিসেবি, সব অপচয় লালপলাশে,
প্রেম তুই এমনই থাকিস, ধূসরতা থাক আকাশে। 

প্রেম তোর বয়স কত ? লক্ষ , হাজার, কোটি নিযুত ?
দুটি প্রাণ পাপড়ি ঝরে, সময়ের হিসেব অযুত !
প্রেম তুই নদী হলে, বরফের শিখর গলে,
জোৎস্নায় ভিজে গেলে, লজ্জা কি কিচ্ছু বলে ?

প্রেম তোর রাজ্যপাটে, ধুলো জমে তবুও কেন ?
ভালোবাসা অন্য বাটে, ফিরতেই হবে জেনো !
মধুমতি ফুলের বুকে, প্রজাপতি যখন বসে, 
রং তুলি মনদেরাজে, প্রেম জানি ফিরে আসে। 

আগুনের টিকায় যে প্রেম, পুড়ে যায় পাপড়ি যত 
অপ্রেম যতই বলো, মতামত ভিন্ন কত !
দুটি প্রাণে বৃষ্টি ঝরে, কামনার আগুন নেভে 
শাখা নদী উৎসে মেশে, প্রেম কি ফিরবে ভেবে ?

বিদায়ের অস্তবেলায়, প্রেমে তবু ঝড়ই ওঠে 
নিয়মের কঠিন বেড়ায়, সেতু রচে তবুও ঠোঁটে। 
প্রেম পাঠ শিখতে গেলে, জয়দেব নয় জরুরি,
আদিম ওই প্রেম জীবনে, মিশেছিল প্রেম মাধুরী 

প্রেমে তো দামাল ঝড়ে,উড়ে যাবে গেরস্থালি
অঝোর এক বৃষ্টি নামে, চাঁদও ওঠে একটি ফালি,
ভালো থেকো, ভালো রেখো, প্রেমের এই মন্ত্র জানি 
মোহনায় পৌঁছে দেখো, তোমার আগে পৌঁছে আমি !


এ জাতীয় আরো খবর