আমার পছন্দের তালিকায় এখন শুধুই একাকিত্ব।
এই জগতের কোন কিছুই এখন আর আমাকে স্পর্শ করতে পারেনা,
পারেনা জাগিয়ে তুলতে আবেগ আর অনুভূতি।
আমার অস্তিত্ব হীন সত্তা শুধুই অন্ধকার খুঁজে বেড়ায়,
যে অন্ধকারে মিশে আছে এক রাশ নিরবতা।
আমি কান্নার জল বিলিয়ে দিয়েছি অনেক আগেই
তাই কষ্টরা আর আমাকে কোন ভাবেই ছুঁতে পারেনা,
এখন আমি দুঃখ, কষ্ট, হাসি, কান্না বিহীন নিরবতায়
নির্বিঘ্ন আয়েশি জীবন যাপন করি, একেবারেই নির্বিঘ্নে।
আমার অস্তিত্ব হীন জীবনে এখন আর কারো উপস্থিতি নেই,
নেই ভালোবাসা, প্রাপ্তি-অপ্রাপ্তির কোন খেরোখাতা।
আমি এখন আর পাখির গান শুনিনা, দেখিনা গোধুলির রক্তাক্ত আকাশ
নেই না কোন ফুলের ঘ্রাণ অথবা ঘাসের ডগায় কোমল শিশিরের পরশ।
আমি আর বৃষ্টিতে ভিজিনা, পা ভিজাইনা সমুদ্রের লোনা জলে
কান পেতে শুনিনা মৃদু হাওয়ায় ভেসে আসা কারো সুমিষ্ট কন্ঠ,
অপেক্ষা করিনা কারো নীল খামে মোড়ানো পত্রের আশায়
অথবা আলতা রাঙা পায়ের আঘাতে আছড়ে পড়া ঢেউয়ের প্রতীক্ষায়।
আমি এখন আর পছন্দ-অপছন্দের দ্বন্দ্বে ভুগিনা,
আমার পছন্দের তালিকায় এখন শুধুই নিখাঁদ নিরবতা।