মঙ্গলবার, ডিসেম্বর ১৬, ২০২৫

ওমানের দুকুমে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, প্রাণ গেল ৭ বাংলাদেশির

  • ডেস্ক রিপোর্ট
  • ২০২৫-১০-০৯ ০৯:২১:১৯

মধ্যপ্রাচ্যের দেশ ওমানের দুকুম সিদরা এলাকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় সাত বাংলাদেশি নিহত হয়েছেন। বুধবার (৮ অক্টোবর) স্থানীয় সময় সকালে এ দুর্ঘটনা ঘটে। নিহত সবাই চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার বাসিন্দা বলে জানা গেছে। তারা সাগরে মাছ ধরে ফেরার পথে দুর্ঘটনার শিকার হন।
নিহতদের মধ্যে তিনজনের পরিচয় নিশ্চিত করা গেছে। তারা হলেন— সারিকাইত ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের আমিন সওদাগর (পিতা: আলী কব্বর সেরাং), ৪ নম্বর ওয়ার্ডের আরজু (পিতা: শহিদুল্লাহ) এবং একই ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের রকি (পিতা: ইব্রাহীম মেস্তুরী)। বাকি চারজনের পরিচয় এখনো জানা যায়নি।
স্থানীয় প্রবাসীদের বরাতে জানা গেছে, মাছ ধরা শেষে ফেরার পথে তারা যে মাইক্রোবাসে ফিরছিলেন সেটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই কয়েকজন মারা যান এবং বাকিদের হাসপাতালে নেওয়ার পর মৃত্যু নিশ্চিত হয়। দুর্ঘটনার পরপরই স্থানীয় পুলিশ ও উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে পৌঁছে তৎপরতা শুরু করে।
ওমানপ্রবাসী বাংলাদেশিরা জানিয়েছেন, নিহতদের মরদেহ দেশে পাঠানোর প্রস্তুতি শুরু হয়েছে। বিষয়টি তদারকি করছে ওমানস্থ বাংলাদেশ দূতাবাসও। দূতাবাসের কর্মকর্তারা স্থানীয় প্রশাসনের সঙ্গে যোগাযোগ রেখে প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করছেন।
নিহতদের মৃত্যুতে চট্টগ্রামের সন্দ্বীপে শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয় জনপ্রতিনিধিরা জানান, বিদেশে কর্মরত প্রবাসীরা পরিবারে একমাত্র উপার্জনকারী ছিলেন। দুর্ঘটনায় পুরো গ্রামজুড়ে নেমে এসেছে শোকের মাতম।

কীওয়ার্ডস:
ওমান দুর্ঘটনা, বাংলাদেশি নিহত, সন্দ্বীপ প্রবাসী, দুকুম সিদরা, বাংলাদেশ দূতাবাস


এ জাতীয় আরো খবর