আচ্ছালামু আলাইকুম,বাবা আশা করি কুশলেই আছেন মায়ের শরীর আবারো খারাপ হয়েছে শুনেছিলাম ,এখন ভালো হয়েছে কীনা জানাবেন। আমার জন্য একদম চিন্তা করবেন না,আমি ভালো আছি বাবা। তবে ইদানিং খরচের পরিমাণ একটু বেড়ে গেছে বাবা, এমাসে যে
তিন হাজার টাকা দিয়েছিলেন তা প্রায় শেষের পথে মাসের এখনো বার দিন বাকি, দু;শ্চিন্তা করবেন না বাবা আমি খরচের দিকে খুবই হিসেব করে চলি। প্রতি মাসে খাবার খরচ,টিউশনি খরচ,যাতায়াত সব মিলিয়ে তিন হাজার টাকায় হয়ে ওঠেনা।তারপর এমাসে বন্ধুরা জোর করেই বাড়তি কিছু টাকা নামিয়ে দিল।কি করবো, ভার্সিটিতে থাকতে গেলে ওদের খুশী রাখতেই হয়। তা না হলে জোর করে আজ এসভা কাল ও মিছিল, পরশু তমুক গন্ডগোলে নিয়ে যাবে। সে সব থেকে ওদের পেছনে কিছু খরচ করে ঝামেলা এড়ানো ভালো নয় কি বাবা ?
আপনার কাছে টাকা চাইতে খুবই খারাপ লাগছে। জানি প্রতিমাসে তিন হাজার পাঠাতেই আপনার কিরকম গলদ্ঘর্ম হতে হয়।বাড়তি
আয় করতে হয়, শুধু কি আমার খরচ! রুমির জন্য, সুমনের জন্যও পড়ালেখা,প্রাইভেট আর আনুসঙ্গিক খরচ মিলিয়ে কত টাকা জোগাড়
করতে হচ্ছে আপনাকে। এই মধ্য ষাটে এসে আপনার যেখানে একটু বিশ্রাম নেবার সময়,সেখানে বাড়তি শ্রম দিতে হচ্ছে। এইতো আর মাত্র দু’টো বছর বাবা, আমি পাস করে বের হলেই আপনার কষ্ট লাঘব করবো।
রুমিকে আর সুমনকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করবো আর মাকে ঢাকা এনে বড় ডাক্তার দিয়ে চিকিৎসা করাবো। সব বন্ধকি জমি ছাড়িয়ে আনবো,বাবা। টাকাটা দ্রুত পাঠিয়ে দেবেন,মাকে আমার সালাম,রুমি সুমনকে আমার আদর জানাবেন।বাবা, আজ এ পর্যন্তই,ইতি আপনার বড় ছেলে সবুজ।
সেগুনবাগিচা,৩০।০৯।২০০৬