বুধবার, জুন ১০, ২০২৬

জাতীয় ঐকমত্য কমিশনের মেয়াদ আরও এক মাস বাড়াল অন্তর্বর্তী সরকার

  • সকালের আলো প্রতিবেদক
  • ২০২৫-০৯-১৬ ১০:৪৮:৪১
ছবি: সংগৃহীত।

জাতীয় ঐকমত্য প্রতিষ্ঠার লক্ষ্যে গঠিত কমিশনের কার্যক্রমের মেয়াদ দ্বিতীয় দফায় এক মাস বাড়িয়ে **১৫ অক্টোবর পর্যন্ত করেছে অন্তর্বর্তী সরকার**। সোমবার (১৫ সেপ্টেম্বর) রাতে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।
প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে গত ১২ ফেব্রুয়ারি সাত সদস্যের এই কমিশন গঠিত হয়। প্রাথমিকভাবে কমিশনের মেয়াদ ছিল ছয় মাস, যা প্রথমে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত বাড়ানো হয়। এবার আবার এক মাস বাড়িয়ে ১৫ অক্টোবর পর্যন্ত কার্যক্রম চালিয়ে যাওয়ার সুযোগ দেওয়া হলো।
কমিশনের দায়িত্ব হলো ছয়টি সংস্কার কমিশনের সুপারিশ পর্যালোচনা করে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপের মাধ্যমে জাতীয় ঐকমত্য গড়ে তোলা। সংবিধান সংস্কার, নির্বাচন ব্যবস্থা, বিচার বিভাগ, সাংবিধানিক প্রতিষ্ঠান পরিচালনা ও জুলাই সনদ নিয়ে ধারাবাহিক আলোচনা করেছে কমিশন।
প্রথম পর্যায়ের আলোচনায় ৬২টি বিষয়ে ঐকমত্য হয় এবং দ্বিতীয় পর্যায়ে অগ্রাধিকার ভিত্তিতে ২০টি বিষয়ে সংলাপ চালানো হয়। তবে এখনও চূড়ান্ত সমন্বিত রূপরেখা প্রকাশ করা হয়নি।
প্রধান উপদেষ্টা ইতোমধ্যেই জানিয়েছেন, জরুরি বিষয়ে ঐকমত্যে পৌঁছে **আগামী ফেব্রুয়ারিতেই নির্বাচন আয়োজনের লক্ষ্য রয়েছে**। সে লক্ষ্যে কমিশন এখন রাজনৈতিক দলগুলোর সঙ্গে নতুন দফায় বৈঠক করছে।

কীওয়ার্ডসঃ জাতীয় ঐকমত্য কমিশন,অন্তর্বর্তী সরকার,মেয়াদ বাড়ানো,রাজনৈতিক সংলাপ,নির্বাচন প্রস্তুতি


এ জাতীয় আরো খবর