প্রেম নয়, ভালোবাসা নয়, মুগ্ধতা নয় !
শুধুই পারস্পরিক বোঝাপড়ায়
একটি শরীর যখন আর একটি
শরীরের কাছে, ঋণী হয়ে
অবলম্বন খোঁজে !
ঘন যামিনীর কুয়াশার চাদর ছিদ্র করে
নষ্ট চাঁদ বাঁকা হাসি হাসে !
নষ্ট ! কিন্তু ভ্রষ্ট নয় !
কুহকিনী বারবার মেঘের আলিঙ্গনে
সাড়া দেয়,
ওর কাছে আবাহন আছে, বিসর্জন নেই,
কুসুম কৌমার্যের দায় ওর নেই !
তাই কবির কাব্য কথায়,
ও নষ্ট নারী।
ওর স্ববিরোধ নেই !
তাই ভ্রষ্টা নয়,
রাতের শরীরে যখন বয়সের ঢল নামে
প্রকৃতিও বড়ো একা হয়ে যায় !
শিশিরের শব্দ, জোনাকির গান
সবুজ ঘাসে দুলে যাওয়া বনজ বাতাস
মহাকালের দূতের কাছে বার্তা পাঠায়,
শুকতারাটা মিলিয়ে যাওয়ার আগেই
মহাকাল মৃত্তিকার নরম বুকে
রক্তের আঁচড়ে লিখে যায়
নিঃসঙ্গতার স্বরূপ !