প্রতিদিনের মতো আজও দেখছি কেমন করে সন্ধ্যা নামে
কেমন করে দিনের আলোকে বিদায় দিয়ে রাতের আঁধারে মুখ লুকায় সূর্য।
দেখছি কেমন করে মেঘের সাথে চাঁদ খেলছে লুকোচুরি খেলা
দেখছি বাঁকা চাঁদ কেমন করে মুখ টিপে হাসে।
সময়ে অসময়ে দেখি সারিবদ্ধ গাড়ি দেখি পথের ব্যস্ততা
দেখি ঝাঁকবেধে পাখিদের ঘরে ফেরা।
ঐ যে দূর আকাশে মেঘের পাহাড় ভাসে
সে তো আমারই বুকের কান্না বাস্পীভূত হয়ে উড়ছে আকাশে।
ক্ষণে ক্ষণে আকাশ আঁধার করে বৃষ্টি নামে ফের ঝিলমিলিয়ে হেসে উঠে সূর্য
কাজের ফাঁকফোকড়ে আমিও নিয়ে যাই এদের সুবাস নিয়ে যাই সাহচর্য।
নিঃসঙ্গ একাকী শ্বাসরোধকরা খাঁ খাঁ জীবনে
এরাই আমায় সঙ্গ দেয় ভরিয়ে দেয় উষ্ণতায়
প্রেমে ও অপ্রেমে বাঁধা পড়ে আছি এদের সাথে
বাঁধা পড়ে আছি এদের সৌন্দর্য ও মায়ায়।