সোমবার, আগস্ট ২৪, ২০২৬

৫ আগস্টের মধ্যেই প্রকাশ পাবে জুলাই ঘোষণাপত্র: অন্তর্বর্তী সরকারের দুই উপদেষ্টা

  • নিজস্ব প্রতিবেদক:
  • ২০২৫-০৮-০২ ১২:৩১:৪১
ছবি সংগৃহিত

জুলাই ঘোষণাপত্র নিয়ে মধ্যরাতে নতুন তথ্য দিয়েছেন অন্তর্বর্তী সরকারের দুই উপদেষ্টা। তারা জানিয়েছেন, আগামী ৫ আগস্টের মধ্যেই ঘোষণাপত্রটি আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হবে।
শুক্রবার (১ আগস্ট) রাতে তথ্য উপদেষ্টা মাহফুজ আলম নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে লেখেন, “জুলাই ঘোষণাপত্র এখন বাস্তবতা। ৫ আগস্টের মধ্যেই ঘোষিত হবে ঘোষণাপত্র। গণআকাঙ্ক্ষাকে বাঁচিয়ে রেখে এটি বাস্তবায়নের পথ সুগম করার জন্য সবাইকে ধন্যবাদ।”
অন্যদিকে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া তার ফেসবুকে সংক্ষিপ্তভাবে লিখেছেন, “জুলাই ঘোষণাপত্র আসছে…”
গত বছরের জুলাই গণ-অভ্যুত্থানের পর থেকে দেশের রাজনৈতিক অঙ্গনে আলোচনার কেন্দ্রবিন্দু এই ঘোষণাপত্র। অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে ইতোমধ্যে ‘জুলাই জাতীয় সনদ ২০২৫’ এর খসড়া প্রস্তুত করেছে জাতীয় ঐকমত্য কমিশন।
খসড়ার একটি কপি মতামতের জন্য পাঠানো হয়েছে বিএনপি, জামায়াতে ইসলামী এবং জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-র কাছে।
সরকারি সূত্রে জানা গেছে, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ৫ আগস্টের আগেই যেকোনো দিন এই ঘোষণাপত্রের খসড়াটি আনুষ্ঠানিকভাবে প্রকাশ করবেন।
খসড়াটিতে ২৬টি দফা রয়েছে।
প্রথম ২১ দফাতে মহান মুক্তিযুদ্ধ, গণতান্ত্রিক সংগ্রাম এবং জুলাই অভ্যুত্থানের প্রেক্ষাপট বিস্তারিতভাবে উল্লেখ করা হয়েছে।
শেষ পাঁচটি দফায় রাষ্ট্রের গণতান্ত্রিক সংস্কারের রূপরেখা, অতীত শাসনামলে সংঘটিত গুম-খুন, গণহত্যা, মানবতাবিরোধী অপরাধ ও রাষ্ট্রীয় সম্পদের লুণ্ঠনের বিচার, আইনের শাসন ও মানবাধিকার প্রতিষ্ঠা, দুর্নীতি ও শোষণমুক্ত সমাজ গঠনের অঙ্গীকার তুলে ধরা হয়েছে।
অভ্যুত্থানের পর থেকে ঘোষণাপত্রকে কেন্দ্র করে দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন উত্তেজনা সৃষ্টি হয়েছে। রাজনৈতিক দলগুলো এবং সাধারণ জনগণ এখন চূড়ান্ত ঘোষণার অপেক্ষায়।

কীওয়ার্ডস: জুলাই ঘোষণাপত্র ২০২৫, ড. মুহাম্মদ ইউনূস ঘোষণা, জাতীয় ঐকমত্য কমিশন, অন্তর্বর্তী সরকার বাংলাদেশ, জুলাই গণঅভ্যুত্থান


এ জাতীয় আরো খবর