মঙ্গলবার, জানুয়ারী ১৩, ২০২৬

মৌ সু মী দে ব না থ

  • নেই রাজ্যের রাজা ওরা
  • ২০২৫-০৫-২২ ০১:৩৭:০৭

নেই রাজ্যের সাম্রাজ্যে ওদের বাস
ওরা দুঃখে হয় না কাতর,
 কষ্টে ওরা পায় না ব্যাথা, 
ওদের প্রেমের ছোঁয়াচ নেই, 
ওরা বাঁচার জন্য লড়ে 
ওরা জীবনের জন্য বাঁচে
ওদের এক মুঠো সুখ ,
কালো হাঁড়িতে ফোটে, ওদের স্বপ্ন 
ছেঁড়া চাদরের ছিদ্র দিয়ে পালায় , 
জীর্ণতা মলিনতা ঘিরে থাকে ওদের, 
ওরা খেটে খাওয়া মানুষের দল। 

ওদের কিছু নেই ,ওদের ছাদ নেই
 ফুটপাতের নীচে পলিথিনের
 চাঁদোয়ায় ওরা মুখ গোঁজে।
ওদের ভাঙা ঘটি বাটি থালা 
হিমশিম খায় ফুটোর জল সামলাতে, 
তবু ওদের খাবার জল থাকে না, 
,ওরা হুকিং  করে আলো নেয়, 
আবার শক খেয়ে প্রাণ ও যায় । 
ওরা জলের লাইনে লড়াই করে  
একটু আলোর জন্য ওরা দাঙ্গা করে,। 
ওরা জোৎস্না রাতে ঘুমের ঘোরে 
 আকাশের নীচে স্বপ্ন দেখে, 
মোহময়ী  অট্টালিকা স্বপ্নপুরীর।

ভোরের আলোর সাথে ওদের স্বপ্ন
ফ্যাকাসে হতে থাকে, কঠিন বাস্তব
ওদের দরজায় কড়া নাড়ে, 
ওরা অমানবিক পরিশ্রমের বিনিময়ে 
খুঁজে নেয় এক চিমটে বাঁচার তাগিদ।
ওদের ছেলেমেয়েরা স্কুল যায় না,
 ওরা দৌড়ায় ট্রেন লাইনে ফেলে দেওয়া
 বোতল, এঁটো খাবারের জন্য। 

ওদের পোষাকে নেই সভ্যতা, 
ভাষায় নেই ভদ্রতা  ,ওদের শিক্ষা নেই
ওদের ধর্মের গোঁড়ামি নেই, 
ওদের জাত পাতের বিচার নেই , 
ওদের মান অভিমানের বিলাসিতা নেই
দুঃখ করা ওদের শোভা পায় না।
কষ্ট ওদের নিত্যদিনের সাথী, 
ওরা ও অসুস্থ হয়, বিনা চিকিৎসায় প্রাণ দেয়, 
ওদের প্রাণের দাম নেই। 
ওরা কারা?? ওরা অসহায় মানুষের দল, 

ওরা নৈরাজ্যের মধ্যে নেই রাজ্যের বাসিন্দা , 
ওরা আবর্জনার স্তুপে খাবার খোঁজে,
 খোঁজে বেঁচে থাকার রসদ। 
ওদের ঘৃণা নেই,ওদের ক্ষুদা আছে, 
মান সম্মানের  জন্য ওদের লড়াই নেই, 
 তবে ওদের ও আছে ভালোবাসা 
আছে শত দুঃখের মাঝে নিষ্পাপ
 অমলিন হাসি, ওরা একে অন্যের
 বিপদে ঝাঁপিয়ে পড়ে,
ছেঁড়া কাঁথায় আছে ওদের মানবিকতা,
 সব কিছু নেই এর সাথে 
এই মহান সম্পদটুকু নিয়ে ওরা বেঁচে থাকে
 আনন্দের সাথে শত শতদলের সাম্রাজ্যে। 
 


এ জাতীয় আরো খবর