গঙ্গা মেঘনা মিলেমিশে গেছে, চির সখা তারা মননে
অশ্রু বৃষ্টি যতনেতে রচে, বৈরিতা ভোলে স্বপনে।
জলের ধর্ম জল যে ভোলে না, বয়ে যায় নিচু ভূমিতে,
অহং পাহাড় তবুও টলে না, ছোট ছোট খুঁটি জমিতে
তার জমিনে বৃষ্টি পড়ে, আসমান থেকে রোদ
এত দেনা কেমন করে, মানুষ দেবে শোধ ?
আকাশের গায়ে অভিমানী তারা, ঝরে যায় অতি নীরবে,
আমাদের কাছে লজ্জিত তারা, প্রতিবাদ করে সরবে।
আলেয়ার জলে জোনাকিরা ছোটে, মানুষের কাজে লজ্জা
বিষাদ গীতি চড়ুইয়ের ঠোঁটে, পাতে অনন্ত শয্যা।
উল্কা পতন ঝড়ের মাতন, অমানিশা রাত কাটে না,
চারণ কবির প্রেমের কথন, রুদ্ধ হৃদয়ে ঢোকে না।
ভালোবাসা গাথা মানবিক মুখ, হোঁচট খেয়েছে বারবার
পণ্য হয়েছো কিনতে যে সুখ, শান্তি হারানো পারাবার।
ইন্দ্রিয় সুখ শান্তি খোঁজে না, বিবেক ধর্ম বন্দী
টুকরো সুখে শান্তি আসে না, ক্ষণ ভঙ্গুর সন্ধি।
মহা প্রলয়ের অশনি সংকেত, চরাচর ঢাকে কুয়াশায়
তুমি আমি আজ, কেন অনিকেত? আমাদের ছায়া নিরাশায়।
তোমার আমার ভালোবাসা গীত, পাহাড় ফাটানো প্রপাত,
স্বপ্ন দুনিয়া বুনিয়াদি ভিত ফুটে ওঠে পারিজাত।
নিজের সাথে নিজের যুদ্ধ, ছিদ্র খুঁজো না কারও
অশুভ শক্তি হলেও ক্ষুব্ধ, জয় নিশ্চিত করো।
ঈশ্বর তুমি মানুষ হলেই, ঈশ্বরেরই দান,
এক মুঠো প্রেম ছড়িয়ে দিলেই, মানবতার গান।