শুক্রবার, অক্টোবর ২, ২০২৬

অ ত লা ন্তি ক

  • আর নোঙর নয়
  • ২০২৫-০৫-০৪ ০১:৪১:৪৯

কালের আবহে কালিমালিপ্ত পৃথিবীর মুখ
নৈতিকতার নাব্যতায় নিন্দনীয় নিদর্শণ!
অন্নের থেকেও অনটন প্রাণের অস্তিত্বের
হিংসার হার্দিকতা অমোঘ টান মাধ্যাকর্ষণ!

সীমানা অধ্যুষিত দখলের বিষাক্ত জলবায়ু
বারুদের উর্বরতার বিজ্ঞানের বহুফসলি অস্ত্র!
সন্ত্রাস কবলিত শাসকের উগ্র শাসন ব্যবস্থা
সাম্য, মৈত্রী, স্বাধীনতা বিবেকে আজ বিধ্বস্ত!

দুর্গতির দৃষ্টান্তে বিশ্বলোকের জাতীয় সংহতি
হিংসার প্রাদুর্ভাবে প্রবাহিত হত্যার প্রকোপ!
আরাধ্য উপাসনা আজ প্রস্তরিভূত অচলায়তন
নামতে নামতে নোঙর, মানবতার বিলোপ!

চেতনার সুপ্ত বীজ চাটুকারিতায় অঙ্কুরোদগম
বিদ্যায় আহত বিবেক, বিশেষত্ব বুদ্ধিজীবী!
অজ্ঞের হাতে অর্পিত আধুনিকতার মশাল
নিভছে কই, জ্বলছে দেশ, পুড়ছে পৃথিবী!

পৃথিবীর বায়ুমন্ডলে সন্ত্রাসের সাম্রাজ্যবাদ
মাটিতে আজ মর্মান্তিক হত্যার মহোৎসব!
লাশকাটা ঘরে গণতন্ত্রের অন্তিম মহড়া
ভূমিলগ্ন সভ্যতায় মানবতার কন্ঠস্বর নীরব!

রক্ষার লক্ষ হাতে রক্তক্ষয়ী লড়াই চাই মানবতার
তালুতে জাগবে তলোয়ার, ক্ষমাহীন বিরুদ্ধতা,
ক্ষমা নয়, যাদের ক্ষমতায়নে পরাস্ত পৃথিবী 
প্রসঙ্গত পুনরুদ্ধার পক্ষান্তরে লড়াইয়ের বারতা।

মহাকালের আবহে মহাপ্রলয়ের মর্মান্তিক মড়ক
অস্থির সময়ে অপ্রাসঙ্গিক, অনৈতিক তর্জমা,
প্রতিবাদী প্রতাপ পক্ষান্তরে চাইছে কঠিন লড়াই 
সমর সংগ্রামে জাগ্রত কল্যাণের মানসী প্রতিমা।

মানবতার হাত প্রত্যাঘাতের অগ্নি আকর
ভাঙতে দূর্গ, ভাঙতে ঘাঁটি, অকুতোভয়,
প্রলয় শঙ্খে প্রতিবাদের চিরন্তন আহ্বান
সিংহল বিস্তীর্ণ মালয় সাগর আর নোঙর নয়।
                                        


এ জাতীয় আরো খবর