রবিবার, অক্টোবর ৪, ২০২৬

‘সব ফাঁস করে দেব!’-পাকিস্তান ক্রিকেটের গোপন অধ্যায়ের দরজা খুলছেন রশিদ লতিফ

  • বিশেষ প্রতিবেদন | স্পোর্টস ডেস্ক
  • ২০২৫-০৪-২২ ১৩:৩৫:৩৯
ছবি সংগৃহিত

ঘটনার বছর ১৯৯৪ সাল। পাকিস্তান জাতীয় দল দক্ষিণ আফ্রিকা সফরে যাওয়ার ঠিক আগমুহূর্তে-ঘটল ক্রিকেট ইতিহাসের এক সবচেয়ে রহস্যময় বিদ্রোহ।

রশিদ লতিফ ও বাসিত আলি হঠাৎ করেই দল থেকে সরে দাঁড়ালেন। তাদের যুক্তি-"দলটা ঠিক চলছে না"। সেই 'ঠিক না থাকার' গল্প চাপা পড়েছিল সময়ের ধুলায়।
কিন্তু তিন দশক পরে, সেই ধুলা ঝেড়ে সব গোপন কথা প্রকাশ্যে আনতে চলেছেন স্বয়ং রশিদ লতিফ।

রশিদের হুঁশিয়ারি: “আর লুকিয়ে লাভ নেই”
সম্প্রতি পাকিস্তানি এক গণমাধ্যমে দেয়া সাক্ষাৎকারে রশিদ লতিফ বললেন-
“আমি বই লিখেছি। সব সত্য বলব এবার। যারা ভাবছেন, কিছু চাপা থাকবে—তারা ভুল করছেন। ম্যাচ পাতানোর যত কলঙ্ক, যত মুখোশ-সব উন্মোচন হবে।”
তিনি জানিয়েছেন,বইটি হবে জীবনীভিত্তিক,কিন্তু এতে থাকবে পাকিস্তান ক্রিকেটের নেপথ্য রাজনীতি, ভয়ঙ্কর ষড়যন্ত্র ও ম্যাচ ফিক্সিংয়ের অজানা অধ্যায়।

ক্রিকেট না নাটক? নাম আসবে কিংবদন্তিদেরও
রশিদের কথা মানলে, এ বই শুধু আত্মজীবনী নয়-এ যেন একটি নিষিদ্ধ ফাইল খুলে দেওয়ার ঘোষণা।
৯০’র দশকে পাকিস্তান দলে ম্যাচ পাতানোর অভিযোগ উঠেছিল বহু তারকার বিরুদ্ধে-সেলিম মালিক,ওয়াসিম আকরাম, ওয়াকার ইউনিস,আতাউর রহমান, দানিশ কানেরিয়া,সালমান বাট, মোহাম্মদ আমির, শারজিল খান…
তদন্ত হয়েছিল, কেউ শাস্তি পেয়েছেন, কেউ প্রভাব খাটিয়ে রেহাই পেয়েছেন-কিন্তু ‘পুরো সত্য’ কখনও জানা যায়নি।
রশিদ বলছেন,“সত্য চাপা ছিল, এখন সময় এসেছে সেটাকে প্রকাশের। এটা শুধু ক্রিকেটের দায়িত্ব না,ইতিহাসের প্রতিও দায়বদ্ধতা।”

ক্রিকেট বোর্ড শঙ্কিত,পাঠকের আগ্রহ তুঙ্গে
রশিদের ঘোষণায় পাকিস্তান ক্রিকেট বোর্ড এখনো মুখ খুলেনি,তবে বোর্ডের ভেতরে উত্তেজনা ও চাপা অস্বস্তির গুঞ্জন ছড়িয়ে পড়েছে।
অন্যদিকে সাধারণ ক্রিকেটপ্রেমীরা অপেক্ষায়-একটি বইয়ের,যেটি হয়তো পাকিস্তান ক্রিকেটের বিবেক-পরীক্ষা হয়ে দাঁড়াবে।

বইয়ের সম্ভাব্য প্রভাব: ইতিহাস নাকি হিরোদের পতন?
ক্রিকেট ইতিহাসে অনেকেই বই লিখেছেন, ফিক্সিং নিয়ে চটকদার দাবি তুলেছেন।
কিন্তু এবার যে কথাগুলো আসছে, সেগুলো আসছে এমন একজনের কলমে-যিনি নিজে বিদ্রোহ করে দল ছেড়েছিলেন, যিনি সব দেখেছেন ভেতর থেকে।

রশিদের বই কি শুধু কাগজে ছাপা কিছু অক্ষর হবে? নাকি তা হয়ে উঠবে পাকিস্তানি ক্রিকেটের ‘উইকিলিকস’?

গোপন গাঁথার পর্দা এবার উঠবে
বইয়ের নাম এখনো জানানো হয়নি। প্রকাশনার তারিখও চূড়ান্ত নয়।
কিন্তু রশিদের একটি বাক্যই এখন ভাইরাল-“এবার চুপ করে থাকার সময় শেষ।”

ক্রিকেট বিশ্ব তাকিয়ে আছে-একজন সাবেক অধিনায়কের সাহসী স্বীকারোক্তির দিকে।
সত্য উন্মোচনের এই আগুন, শেষ পর্যন্ত জ্বালিয়ে দেবে কার মুখোশ, আর পুড়িয়ে দেবে কার কিংবদন্তি সুনাম-সেটাই এখন দেখার।


এ জাতীয় আরো খবর