রবিবার, অক্টোবর ৪, ২০২৬

বিজিবি-পুলিশের যৌথ অভিযান চাঁপাইনবাবঞ্জ সীমান্তে ১৯ ককটেল উদ্ধার

  • জাকির হোসেন পিংকু,
  • ২০২৬-১০-০৪ ১৮:৩২:৪৩

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলা সীমান্তে বিজিবি ও পুলিশের যৌথ অভিযানে ১৯টি ককটেল উদ্ধার হয়েছে। তবে এ ঘটনায় কেউ আটক হয় নি।
বিজিবি জানায়, রবিবার (৪ অক্টোবর) সকাল সোয়া ৯টার দিকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রঘুনাথপুর বিওপির একটি টহলদল সীমান্তের প্রায় ৩শত গজ বাংলাদেশের ভেতরে দূর্লভপুর ইউনিয়নের খাকসাপাড়া গ্রামের  মো. মনিরুলের ছেলে মো. কালামের(৩০) বসতবাড়ির সামনে খড়ের গাদার নীচে  একটি কালো বালতির ভেতর ককটেলগুলি দেখতে পায়। এরপর বিজিবি স্থানটি ঘিরে ফেলে এবং শিবগঞ্জ থানা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হলে বিজিবি ও পুলিশ যৌথভাবে ককটেলগুলো উদ্ধার করে। দুপুর আড়াইটার দিকে ককটেলগুলো পুলিশ হেফাজতে নেয়।
চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩) অধিনায়ক লে.কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান বলেন, সীমান্ত সুরক্ষা ও  সীমান্তে অপরাধমুলক কর্মকান্ড রোধে বিজিবি সতর্ক রয়েছে। চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে  সম্প্রতি  একাধিকবার ককটেল বিস্ফোরণ  ও উদ্ধারের বিষয়টি বিজিবির নজরে রয়েছে। এসব প্রতিরোধে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে বলেও জানান অধিনায়ক।
চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার ওয়াসিম ফিরোজ বলেন, রঘুনাথপুর বিওপির অদূরে মনিরুলের বাড়ির পাশ থেকে ককটেলগুলো পরিত্যক্ত অবস্থায় উদ্ধার হয়েছে। কে বা কারা  কেন ককটেলগুলো সেখানে রেখেছিল তা তদন্ত করে দেখা হচ্ছে।
শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মতিউর রহমান বলেন,ককটেলগুলো নিষ্ক্রিয় করা হয়েছে। এ  ব্যাপারে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীণ বলেও জানান ওসি।

 


এ জাতীয় আরো খবর