বুধবার, জুন ২৪, ২০২৬

আ গ ম নী

  • জীবন যেমন ডানা মেলে দেয়
  • ২০২৫-০৪-১৬ ০১:১২:৩৪

হাতের উপর মুক্তোগুলো সাজিয়ে যতই ধরো
হৃদয় তোমার শীতল কিন্তু হবে না।
লাল পাথরের টুকরোগুলো যতই পালিশ করো
অচেতনের লিখন-রেখা টুটবে না। 

আচ্ছা পাগল, কে বলেছে অমন বেড়াল ধরতে ?
যার দুচোখে মিথ্যে মায়ার খেলা ?
ওই ওরকম  স্বচ্ছ স্ফটিক বগলদাবা করলে
সুখ-সলিলে ভাসবে সোনার ভেলা ? 

      জীবন যদি এমনি  হতো হায়
      জীবন যদি জীবনে পাক খায়
      সোনার লঙ্কা ধ্বংস হতো তবে ? 

      সকাল কুসুম সন্ধ্যাকালে ঝরে
      দূরত্বরা কোন ঠিকানায় মরে!
      জীবন কি আর পৌষ-ফাগুনের হবে ? 

হাতের তালুর বন্দিদশা ঘুচিয়ে ফেলে আজ
ইচ্ছে মতো হিসেব কষা চাই,
আগুন ? সেতো অমনি করে জ্বালায় সারাজীবন 
তাই বলে কি মিথ্যে জীবন ভাই ??
  


এ জাতীয় আরো খবর