হাতের উপর মুক্তোগুলো সাজিয়ে যতই ধরো
হৃদয় তোমার শীতল কিন্তু হবে না।
লাল পাথরের টুকরোগুলো যতই পালিশ করো
অচেতনের লিখন-রেখা টুটবে না।
আচ্ছা পাগল, কে বলেছে অমন বেড়াল ধরতে ?
যার দুচোখে মিথ্যে মায়ার খেলা ?
ওই ওরকম স্বচ্ছ স্ফটিক বগলদাবা করলে
সুখ-সলিলে ভাসবে সোনার ভেলা ?
জীবন যদি এমনি হতো হায়
জীবন যদি জীবনে পাক খায়
সোনার লঙ্কা ধ্বংস হতো তবে ?
সকাল কুসুম সন্ধ্যাকালে ঝরে
দূরত্বরা কোন ঠিকানায় মরে!
জীবন কি আর পৌষ-ফাগুনের হবে ?
হাতের তালুর বন্দিদশা ঘুচিয়ে ফেলে আজ
ইচ্ছে মতো হিসেব কষা চাই,
আগুন ? সেতো অমনি করে জ্বালায় সারাজীবন
তাই বলে কি মিথ্যে জীবন ভাই ??