আজ রোববার (৩০ জুলাই) চট্টগ্রাম-১০ আসনের উপ-নির্বাচনে ভোটগ্রহণ চলছে। সকাল ৮টা থেকে শুরু হওয়া ভোট চলবে বিকেল ৪টা পর্যন্ত। এই আসনের উপ-নির্বাচনে ৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
তারা হলেন, আওয়ামী লীগের মোহাম্মদ মহিউদ্দিন বাচ্চু, জাতীয় পার্টির প্রার্থী মো. সামসুল আলম, তৃণমূল বিএনপির দীপক কুমার পালিত, বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের রশীদ মিয়া, স্বতন্ত্র প্রার্থী মো. আরমান আলী ও মনজুরুল ইসলাম ভূঁইয়া।
এই সংসদীয় আসনে ভোটার ৪ লাখ ৮৮ হাজার ৬৩৩ জন। এদের মধ্যে ২ লাখ ৪৮ হাজার ৯২৯ জন পুরুষ এবং ২ লাখ ৩৯ হাজার ৬৮০ জন নারী ভোটার। ডবলমুরিং, পাহাড়তলী ও হালিশহর আসনের এই উপ-নির্বাচনে ১৫৬টি ভোট কেন্দ্র আছে। ভোট পর্যবেক্ষণে কেন্দ্রে কেন্দ্রে ১ হাজার ৪০৭টি সিসি ক্যামেরা বসানো হয়েছে। ঢাকা থেকে ভোট পর্যবেক্ষণ করছে নির্বাচন কমিশন।