শনিবার, এপ্রিল ১৮, ২০২৬

লাগাতার শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় বাকবিশিস'র উদ্বেগ

  • হাসান মেহেদী:
  • ২০২৪-০৮-০১ ১৫:৩০:৫৩
শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকাসহ দেশের সামগ্রিক পরিবেশ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ কলেজ-বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি (বাকবিশিস)। আজ (বৃহস্পতিবার) সংগঠনটির ভারপ্রাপ্ত সভাপতি অধ্যাপক ড. আজিজুর রহমান ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অধ্যক্ষ আকমল হোসেন স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, গত কয়েকদিন ধরে শিক্ষার্থীদের কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সংঘটিত ঘটনায় দুই শতাধিক ছাত্র-জনতার মর্মান্তিক মৃত্যু এবং জানমালের ব্যাপক ক্ষয়ক্ষতি আমাদের ব্যথিত করেছে। আন্দোলনের শুরুতে সরকারের দায়িত্বশীল মহলের পক্ষ থেকে ছাত্র-ছাত্রীদের সঙ্গে আলোচনায় বসলে আন্দোলনকারীদের উচ্ছৃঙ্খল আচরণ এবং অনেকগুলো মূল্যবান প্রাণহানিও ঠেকানো যেত। সরকার সেদিকে না গিয়ে বল প্রয়োগের পথ বেছে নেওয়ায় অনেক অনাকাঙ্ক্ষিত রক্তক্ষয় ঘটেছে। আমরা এই নজিরবিহীন ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানাই। একইসাথে জড়িতদের বিচারবিভাগীয় তদন্তের মাধ্যমে শাস্তি দাবি করি। কোটা প্রথার সংস্কার আন্দোলনের ফলে উদ্ভূত পরিস্থিতি এখনো যথেষ্ট উত্তপ্ত। এমতাবস্থায় বাকবিশিস'র দাবিগুলো হলো -নিহতদের প্রত্যেকের পরিবারকে যথোপযুক্ত ক্ষতিপূরণ দিতে হবে; আহতদের প্রত্যেকের সুচিকিৎসার ব্যবস্থা করতে হবে; অনতিবিলম্বে সকল শিক্ষা প্রতিষ্ঠান খুলে দিতে হবে; বিশ্ববিদ্যালয়গুলোর হলসমূহে সকল বৈধ শিক্ষার্থীর শান্তিপূর্ণ সহাবস্থান নিশ্চিত করতে হবে; এখনো কৌটা বিরোধী আন্দোলনকারীদের যেসব যৌক্তিক দাবি-দাওয়া রয়েছে, তা আলাপ-আলোচনার মাধ্যমে নিরসনের উদ্যোগ নিতে হবে; মহান মুক্তিযুদ্ধের চেতনা এবং ১৯৭২-এর সংবিধান অনুযায়ী দেশ পরিচালনায় সরকারকে যথোপযুক্ত পদক্ষেপ গ্রহণ করতে হবে। একমাত্র '৭২-এর সংবিধান নিষ্ঠা এবং আন্তরিকতার মাধ্যমে অনুসরণই বর্তমান অনাকাঙ্ক্ষিত অবস্থা থেকে আমাদের প্রিয় বাংলাদেশকে রক্ষা করতে পারে। সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, কোটাবিরোধী আন্দোলনের ফলে সৃষ্ট পরিস্থিতির কারণে দীর্ঘদিন শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রয়েছে। এর কারণে সেশনজটসহ শিক্ষার্থীদের মূল্যবান শিক্ষাজীবন ক্ষাতিগ্রস্থ হচ্ছে, ঝরে যাওয়ার আশংকায় অসংখ্য মেধাবী শিক্ষার্থী। যা দেশের সামগ্রিক শিক্ষাব্যবস্থার জন্য অশনিসংকেত। নেতৃবৃন্দ বর্তমান অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির শান্তিপূর্ণভাবে সমাধানের মাধ্যমে শিক্ষার স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আনতে ও আন্দোলনের সাথে জড়িত শিক্ষার্থীদের হয়রানি বন্ধ এবং সাধারণ শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে উদ্যোগ নেওয়ার জন্য সরকারের প্রতি জোরালো আহবান জানান।

এ জাতীয় আরো খবর