বুধবার, অক্টোবর ৭, ২০২৬

মো শা হে দ চৌ ধু রী

  • হচ্ছেটা কী !
  • ২০২৪-০৭-১৫ ০১:১১:৩৫

হচ্ছেটা কী ! দেশে এখন হচ্ছেটা কী ! 
সোনার দেশে নষ্ট মানুষ লজ্জা কোথায় রাখি।
বিসিএসের প্রশ্নপত্র হয় যে এখন ফাঁস 
জাতির সাথে করছে কারা নিঠুর পরিহাস। 
হাজার কোটি টাকা যেন খেলনা তাদের কাছে 
আমার ঘরে একটি বেলার খাদ্য কেবল আছে। 

হচ্ছেটা কী ! দেশে এখন হচ্ছেটা কী ! 
যেদিকে চাই দেখি শুধু শুভঙ্করের ফাঁকি। 
বাঁশ দিয়ে রাস্তা গড়ে, ওরা বাঁশ দেয় ব্রিজে
জনতাকে বাঁশ দিয়ে উল্লাস করে কী যে ! 
সব ধরণের লেখাপড়া গোল্লায় গেছে ভাই
এসব ভাবার কেউ যেন আর এই দেশেতে নাই।

হচ্ছেটা কী! দেশে এখন হচ্ছেটা কী !
করছে কারা জাতির সাথে এমন চালাকি। 
বেনজিরের নজিরবিহীন কুকর্ম তার একার ! 
কেউ কি নেই আর দেশে এখন এসব কিছু দেখার ? 
দেশে এখন ছড়িয়ে আছে লক্ষ বেনজির 
দেখার যারা এ'সব দেখে কেমনে থাকে থির। 

হচ্ছেটা কী ! দেশে এখন হচ্ছেটা কী 
ভয়ংকর সব ঘটনা আজ হয় যে টুকিটাকি। 
কারো চোখে হাসি ঝরে আর কারো চোখে জল
কারো কাছে জীবন যেন সমুদ্র অতল।
ধান্দাবাজের কাণ্ড দেখে গায়ে লাগে ঘিন
ইচ্ছে করে নিজের মাঝে থাকতে পরাধীন। 

হচ্ছেটা কী ! দেশে এখন হচ্ছেটা কী ! 
সবকিছু আজ লেজগোবরে কাদায় মাখামাখি। 
দেশের লজ্জা দশের লজ্জা কোথায় ঢেকে রাখি
ক্যানভাসে এই দেশের ছবি কেমন করে আঁকি।
বুকে আমার কাঁপন জাগে কেবল থাকি থাকি
রয়ে গেলো এক জীবনের সকল কিছুই বাকি।

বলুন তো ভাই হচ্ছেটা কী ! জবাব দিবেন নাকি ! 


এ জাতীয় আরো খবর