সোমবার, আগস্ট ১৭, ২০২৬

সিলেটে 'মডেল মসজিদ' দেখতে মানুষের ঢল

  • নিজস্ব প্রতিবেদক:
  • ২০২১-০৬-১১ ১৫:০১:৪৭
নিজস্ব প্রতিবেদক: মুজিববর্ষ উপলক্ষে দেশের প্রতিটি জেলা ও উপজেলায় দৃষ্টিনন্দন ৫৬০টি মডেল মসজিদ ও ইসলামি সাংস্কৃতিক কেন্দ্র নির্মাণ করছে সরকার। এর আওতায় সিলেটের দক্ষিণ সুরমায় নির্মিত হয়েছে মডেল মসজিদ। এই নান্দনিক মসজিদ দেখতে প্রতিদিন ভিড় জমাচ্ছেন বিভিন্ন স্থানের মানুষরা। এখানে এসে অনেকে নামাজ আদায় করছেন। আবার কেউ কেউ ছবি তুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করছেন। দক্ষিণ সুরমা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স লাগোয়া তিনতলা বিশিষ্ট স্থাপত্যশৈলীর এই মসজিদের আয়তন ১ হাজার ৬৮০ দশমিক ১৪ বর্গমিটার। গত বৃহস্পতিবার (১০ জুন) সকালে গণভবন থেকে ভার্চুয়ালি এ মসজিদ উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তবে উদ্বোধন হলেও এখন পর্যন্ত মসজিদের নির্মাণ কাজ সমাপ্ত হয়নি। পুরো কাজ শেষ করতে আরও সপ্তাহ তিনেক লাগবে বলে জানিয়েছে গণপূর্ত বিভাগ। আর উপজেলা প্রশাসন বলছে, গণপূর্ত থেকে এখনও মসজিদটি হস্তান্তর না করায় ইমাম নিয়োগসহ মসজিদের আনুসাঙ্গিক কার্যক্রম শুরু হয়নি। জেলা গণপূর্ণ অফিসের সহকারি প্রকৌশলী মো. ইকবাল শিকদার বলেন, প্রধানমন্ত্রী উদ্বোধন করবেন বলে তাড়াহুড়ো করে কিছু কাজ করা হয়েছে। এসব কাজে কোনো ত্রুটি বিচ্যুতি আছে কি না তা এখন পরীক্ষা করা হবে। ত্রুটি থাকলে সারিয়ে নেওয়া হবে। এসব কাজে আরও প্রায় সপ্তাহ তিনেক লাগতে পারে। মাসখানেকের মধ্যে আমরা মসজিদটি উপজেলা প্রশাসনের কাছে হস্তান্তর করতে পারবো বলে আশা রাখি। তিনি বলেন, এই মসজিদ নির্মাণে ব্যয় ধরা হয়েছে ১০ কোটি ৭৫ লাখ টাকা। তবে পুরো কাজ শেষে কত টাকা ব্যয় হয়েছে তা বুঝা যাবে। এছাড়া এই মডেল মসজিদে রয়েছে মৃতদেহ গোসলের ব্যবস্থা, হজযাত্রীদের নিবন্ধন ও প্রশিক্ষণ, ইমামদের প্রশিক্ষণ, অটিজম কেন্দ্র, গণশিক্ষা কেন্দ্র, ইসলামী সংস্কৃতি কেন্দ্র থাকবে। ইমাম-মুয়াজ্জিনের আবাসনসহ সাংস্কৃতিক কেন্দ্রে কর্মকর্তা-কর্মচারীদের জন্য অফিসের ব্যবস্থা এবং গাড়ি পার্কিং সুবিধা। দেশের উপজেলা পর্যায়ে প্রতিটি মসজিদে ব্যয় ধরা হয়েছে ১৩ কোটি ৪১ লাখ এবং জেলা পর্যায়ে মসজিদ নির্মাণ ব্যয় ১৫ কোটি ৬১ লাখ ৮০ হাজার টাকা। সিলেট বিভাগে ৪৩টি মসজিদ নির্মাণে ব্যয় হবে ৫৮৫ কোটি ৭৭ লাখ ৪৪ হাজার টাকা।

এ জাতীয় আরো খবর