চেক রিপাবলিকের ক্রিস্টিনা পিসকোভা ৭১তম ‘মিস ওয়ার্ল্ডে’র খেতাব জয় করলেন। ২৫ বছর বয়সী পিসকোভা পেশায় একজন মডেল। শনিবার (৯ই মার্চ) মুম্বাইয়ে স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৭টার দিকে প্রতিযোগিতার ফিনালে রাউন্ড শুরু হয়। সেখানে এবারের ‘মিস ওয়ার্ল্ড’ খেতাব জয়ী পিসকোভাকে বিজয়ীর মুকুট পরিয়ে দেন গতবারের বিজয়ী পোল্যান্ডের করোলিনা বিয়েলস্কা। আর প্রথম রানার আপ নির্বাচিত হয়েছেন লেবাননের ইয়াসমিনা জায়তুন।
এবার ২৮ বছর পর আবার ভারতে মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে ১১৫টি দেশ থেকে প্রতিযোগীরা অংশ নেন। অনুষ্ঠানের উপস্থাপনা করেন সিনেমা প্রযোজক কারান জোহার ও সাবেক মিস ওয়ার্ল্ড মেগান ইয়ং।
প্রতিযোগিতায় ১২ জনের বিচারকের প্যানেলে ছিলেন কৃতী শ্যানন, পূজা হেগডের মতো নামী বলিউড অভিনেত্রীরা। এছাড়াও ছিলেন মিস ওয়ার্ল্ড অর্গানাইজেশনের সিইও জুলিয়া এলভিন মর্লি, সমাজকর্মী অমৃতা ফাদনবিস, সাজিদ নাদিয়াওয়ালা, হরভজন সিং, রজন শর্মা, জামিল সইদ, বিনিত জৈন। আরও ছিলেন ২০১৭ সালে মিস ওয়ার্ল্ড মানুষী ছিল্লার।
এবারের মিস ইন্ডিয়া বিজয়ী সিনি শেট্টি মিস ওয়ার্ল্ডের প্রতিযোগিতায় অংশ নেন। তিনি শীর্ষ ৮- এ জায়গা করেন। এই আসরে বাংলাদেশ থেকে প্রতিনিধিত্ব করেছেন শাম্মী ইসলাম নীলা।