আমাকে আমি কতটা জানি কতটা চিনি আর
জীবন চলে নদীর মতো আপন গতি তার,
অজানিতেই যে যার মত পথ এগিয়ে যায়;
কোথায় নেই ছন্দ-দোলা আপন মহিমায় ?
আলো-বাতাস জলের ঢেউ পাখির কলতান
আকাশে চিল পালক মেলে জমিনে খুঁজে প্রাণ,
পানকৌড়িরা সাঁতার কেটে তাড়িয়ে ফিরে মাছ;
বন-বাদাড়ে সবুজ পাতা ছন্দে বাড়ে গাছ।
এ ধরাতলে সকল কিছু ছন্দ মেনে চলে
ফুল-কাননে ফুলের শোভা ফুটে নিশীথ জলে,
বাবুই পাখি বানায় বাসা কেবা তাকে শিখায় ;
কোথায় নেই ছন্দ-দোলা আপন মহিমায় ?
মিষ্টি ভাষা হাসিতে ঝরে মনি-মুক্তা দানা
ভালোবাসায় জুড়িয়ে যায় পুতঃ হৃদয়খানা,
অজানিতেই মানুষ চলে দুলিয়ে হাত-পা'য়
কোথায় নেই ছন্দ-দোলা আপন মহিমায় ?