শুক্রবার, অক্টোবর ২৩, ২০২৬

জাল টাকা: সাহেদ-মাসুদের বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ শুরু

  • সকালের আলো প্রতিবেদক:
  • ২০২১-০৩-১৫ ১৬:৪৩:২০

জাল টাকা উদ্ধারের ঘটনায় রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান মো. সাহেদ ওরফে সাহেদ করিম ও প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মাসুদ পারভেজের বিরুদ্ধে দায়ের করা মামলায় সাক্ষ্য গ্রহণ শুরু হয়েছে।

সোমবার (১৫ মার্চ) ঢাকার তৃতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ রবিউল আলমের আদালতে এ মামলার বাদীসহ চারজন সাক্ষ্য দেন।

সাক্ষীরা হলেন—মামলার বাদী র‌্যাব-১ এর সিপিও মজিবুর রহমান, এএসআই সানাউল্লাহ, সিপাহী আনিছুর রহমান ও ড্রাইভার ল্যান্স নায়েক মো. নুরুল হক। মামলাটিতে ১৩ সাক্ষীর মধ্যে চারজনের সাক্ষ্যগ্রহণ শেষ হলো। তাদের সাক্ষ্য গ্রহণ শেষে আদালত আগামী ২৫ মার্চ পরবর্তী সাক্ষ্য গ্রহণের তারিখ ধার্য করেন।

সাক্ষ্য গ্রহণকালে কারাগার থেকে ওই দুই আসামিকে আদালতে হাজির করা হয়।

উল্লেখ্য, ২০২০ সালের ১৫ জুলাই সাতক্ষীরা সীমান্ত এলাকা থেকে সাহেদকে গ্রেপ্তার করে র‌্যাব। ওই দিনই রাজধানীর উত্তরার ১১ নম্বর সেক্টরে সাহেদের একটি ফ্ল্যাটে অভিযান চালায় র‌্যাব। সেখান থেকে জাল টাকা উদ্ধার করা হয়। ওই ঘটনায় উত্তরা পশ্চিম থানায় মামলাটি দায়ের করেন মজিবুর রহমান।

গত বছরের ২ নভেম্বর উত্তরা পশ্চিম থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ জাকির হোসেন সাহেদ ও মাসুদ পারভেজের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেন৷ এরপর গত ২৪ ফেব্রুয়ারি এ দুই আসামির বিরুদ্ধে চার্জ গঠন করে বিচার শুরুর আদেশ দেওয়া হয়।


এ জাতীয় আরো খবর