মঙ্গলবার, অক্টোবর ২০, ২০২৬

অনলাইন জুয়া ও মাদকসহ বিভিন্ন অপরাধে রোহিঙ্গা ক্যাম্পে ১৭ জনের কারাদণ্ড

  • মোহাম্মদ হোসাইন:
  • ২০২৬-১০-১৮ ২২:৪২:০২

কক্সবাজারের টেকনাফে রোহিঙ্গা ক্যাম্পগুলোতে বিশেষ যৌথ অভিযান চালিয়ে ১৭ জনকে আটক করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাঁদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়।
রোববার (১৮ অক্টোবর) দুপুর থেকে রাত পর্যন্ত ১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) আওতাধীন ক্যাম্পগুলোতে এ অভিযান পরিচালনা করা হয়।
১৬ এপিবিএনের ইনসিডেন্ট রিপোর্ট অনুযায়ী, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে ১৬ এপিবিএন, জেলা পুলিশ, জেলা প্রশাসন, স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি), মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও ব্যাটালিয়ন আনসারের ৯০ জন কর্মকর্তা ও সদস্য অংশ নেন।
অভিযানে অনলাইন জুয়া, সরকারি আদেশ অমান্য, মাদক সেবনসহ বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে ১৭ জনকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত তাঁদের মধ্যে ১৩ জনকে ছয় মাস করে, একজনকে চার মাস, দুজনকে তিন মাস করে এবং একজনকে এক মাসের কারাদণ্ড দেন।
এ ছাড়া রিকল মূলে একটি ওয়ারেন্ট নিষ্পত্তি করা হয়েছে। অভিযান শেষে আটক ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়। পরবর্তী প্রক্রিয়া শেষে কারাদণ্ডপ্রাপ্ত ব্যক্তিদের কারাগারে পাঠানো হয়েছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, রোহিঙ্গা ক্যাম্পের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, অপরাধ দমন এবং অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধের লক্ষ্যে এ বিশেষ যৌথ অভিযান পরিচালনা করা হয়।


এ জাতীয় আরো খবর