ডুমুরিয়া প্রতিনিধি:
খুলনার ডুমুরিয়ায় সড়ক দুর্ঘটনা রোধ, যানজট নিরসন ও সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে রোড ক্যাম্পেইন পরিচালনা করেছে জাতীয় সামাজিক সংগঠন ‘নিরাপদ সড়ক চাই’ (নিসচা) ডুমুরিয়া উপজেলা শাখা।
শুক্রবার (২৭ নভেম্বর ২০২৬) সকাল ১০টায় ডুমুরিয়া এন জি সি এন্ড এন সি কে মাধ্যমিক বিদ্যালয়ে ডুমুরিয়া উপজেলা কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের আয়োজনে দ্বিতীয় শ্রেণির বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষা শুরুর সময় বিদ্যালয়ের সামনে সড়কে ব্যাপক যানজটের সৃষ্টি হয়। এ সড়কে প্রায়ই দুর্ঘটনা ঘটে থাকায় পরীক্ষার্থী, অভিভাবক ও সাধারণ পথচারীদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ দেখা দেয়।
এ পরিস্থিতিতে পরীক্ষার্থীদের নির্বিঘ্নে কেন্দ্রে প্রবেশ, যানজট নিরসন এবং সড়কে শৃঙ্খলা বজায় রাখতে নিসচা ডুমুরিয়া উপজেলা শাখার সড়কযোদ্ধারা স্বেচ্ছায় সড়কে দায়িত্ব পালন করেন। পাশাপাশি অভিভাবক, চালক ও পথচারীদের মাঝে সড়ক নিরাপত্তাবিষয়ক সচেতনতামূলক লিফলেট বিতরণ করেন।
ক্যাম্পেইনে উপস্থিত ছিলেন নিসচা ডুমুরিয়া উপজেলা শাখার সভাপতি খান মহিদুল ইসলাম, কোষাধ্যক্ষ শাহারুজ্জামান সবুজ, সংস্কৃতি সম্পাদক এম এ জলিল, দপ্তর সম্পাদক আব্দুর রহমান বেপারী, কার্যকরী সদস্য আলিমুল ইসলাম, সেতুসহ আরো অনেকে।