পিতৃহীন এতিম শিশু মিনারুল ইসলাম পবিত্র কোরআন হেফজ সম্পন্ন করে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে। তিন বছর আগে প্রতিষ্ঠিত গাজী আইয়ুব আলী ও তফুরেন নেছা ‘দারুল কোরআন মাদরাসা’র প্রথম শিক্ষার্থী হিসেবে হেফজ সম্পন্ন করেছে সে। বিনা খরচে শিক্ষা, থাকা ও খাওয়ার সুযোগ পেয়ে তার এই অর্জন যেন মানবিকতার এক উজ্জ্বল গল্প হয়ে উঠেছে।
বৃহস্পতিবার (২৭ নভেম্বর) ঢাকার উত্তরার দক্ষিণখানের গাওয়াইর মাঝিবাড়ি রোডে অবস্থিত মাদরাসাটিতে বাদ জোহর শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে তেলাওয়াতের মাধ্যমে মিনারুল ইসলাম পবিত্র কোরআন হেফজ সম্পন্ন করে।
মাদরাসা সূত্রে জানা যায়,প্রায় তিন বছর আগে মরহুম গাজী আবুল হাশেম মাদরাসাটি প্রতিষ্ঠা করেন। প্রতিষ্ঠার পর থেকে ধর্মীয় শিক্ষার পাশাপাশি অসহায় ও এতিম শিশুদের শিক্ষার সুযোগ করে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়। মিনারুল ইসলাম মাদরাসাটির প্রথম শিক্ষার্থী। তার হেফজ সম্পন্ন হওয়ার মধ্য দিয়ে প্রতিষ্ঠানটির শিক্ষার কার্যক্রমে একটি স্মরণীয় অধ্যায় যুক্ত হলো।
পিতৃহীন মিনারুলের শিক্ষা,আবাসন ও খাবারের সম্পূর্ণ ব্যয় মাদরাসা কর্তৃপক্ষ বহন করেছে। আর্থিক অসচ্ছলতা যেন তার ধর্মীয় শিক্ষা অর্জনের পথে বাধা হয়ে দাঁড়াতে না পারে, সে লক্ষ্যে তাকে বিনা খরচে পড়াশোনার সুযোগ দেওয়া হয়। দীর্ঘ অধ্যবসায়,শিক্ষকদের আন্তরিক পাঠদান ও মাদরাসা কর্তৃপক্ষের সহযোগিতায় সে পবিত্র কোরআন মুখস্থ করার গৌরব অর্জন করেছে।
হেফজ সম্পন্নের এ আয়োজনে উপস্থিত শিক্ষক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা মিনারুলের সাফল্যে আনন্দ প্রকাশ করেন। তারা তার ভবিষ্যৎ জীবন,ধর্মীয় জ্ঞানচর্চা ও নৈতিক চরিত্র গঠনের জন্য দোয়া করেন।
মাদরাসার পরিচালক মুফতি যোবায়ের আহমদ চাঁদপুরী এসব তথ্য জানান। তিনি বলেন,এতিম ও অসহায় শিশুদের ধর্মীয় শিক্ষার সুযোগ করে দেওয়া এবং তাদের সুন্দর ভবিষ্যৎ গড়ে তোলার লক্ষ্যেই মাদরাসার কার্যক্রম পরিচালিত হচ্ছে। মিনারুলের এই অর্জন প্রতিষ্ঠানটির জন্য অত্যন্ত আনন্দ ও গর্বের।
একটি এতিম শিশুর কোরআন হেফজ সম্পন্ন করার এই ঘটনা শুধু ধর্মীয় অর্জন নয়; বরং অসহায় শিশুর পাশে দাঁড়ালে তার জীবনেও সম্ভাবনার আলো জ্বালানো যায়-তারই একটি মানবিক উদাহরণ। মিনারুলের এই সাফল্য স্থানীয় মানুষের মধ্যে আনন্দের পাশাপাশি এতিম ও সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষায় সহযোগিতার অনুপ্রেরণা জোগাবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।
আগামী ১২ ডিসেম্বর আনুষ্ঠানিকভাবে মিনারুল সহ ৬ জন শিক্ষার্থীকে পাগড়ী প্রদান করা হবে জানিয়েছেন মাদরাসার পরিচালক মুফতি যোবায়ের আহমদ চাঁদপুরী ।