শরতের স্নিগ্ধ সকাল
ভোরের নরম মিষ্টি হাওয়া
মেঘমুক্ত আকাশে নীলের সমারোহ
ঘাসের আগায় শিশির বিন্দু
শিহরণ তোমার শরীরে
আনন্দ উল্লাসে বিহ্বল তুমি।
কুটির থেকে রাজপ্রাসাদ
সর্বত্রই উৎসবের সমারোহ
শিউলি ঝরার আনন্দ
কাশ ফুলের দুলুনি
নীল অম্বর জুড়ে শুভ্র মেঘমালা
বিহ্বলতায় ছুটাছুটি তোমার।

পড়ন্ত বিকেল
দিগন্ত বিস্তৃত ধান ক্ষেতে
রৌদ্র ছায়ার খেলা
শ্বেতশুভ্র্র কাশ ফুলের আহ্বান
নীল আকাশে পেঁজা তুলোর মতো
মেঘেদের ছুটে চলা, ছুটে চললে তুমি।
মিলে মিশে বিলিন হলে গহিনে
সাদা কাশ ফুলে
সাদা শাড়ির ঊর্ধ্বাঙ্গে রক্তক পরিধেয়
অপরূপ মিশেলে হারিয়ে গেলে তুমি
মোহমত্ততায় বিভোর আমি
দৃষ্টি কোথায় রাখি কাশফুলে না তোমাতে?