বৃহস্পতিবার, নভেম্বর ৫, ২০২৬

দীর্ঘ বিরতির পর সেন্টমার্টিনে পর্যটকবাহী জাহাজ চলাচল শুরু

  • সকালের আলো ডেস্ক
  • ২০২৬-১১-০৫ ০৯:২৯:৫৭
ফাইল ছবি

দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে কক্সবাজার থেকে সেন্টমার্টিন দ্বীপে আবারও পর্যটকবাহী জাহাজ চলাচল শুরু হয়েছে। বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকালে সরকারি অনুমোদন পাওয়ার পর তিনটি জাহাজ পর্যটক নিয়ে দ্বীপের উদ্দেশে যাত্রা করে।
জাহাজ তিনটি হলো এমভি বার আউলিয়া, এমভি কর্ণফুলী ও এমভি টেকনাফ। জাহাজমালিকদের সংগঠন সি ক্রুজ অপারেটর ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (স্কোয়াব) সাধারণ সম্পাদক হোসাইন ইসলাম বাহাদুর বুধবার জাহাজ চলাচল শুরুর বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, পর্যটকের সংখ্যা বিবেচনায় না নিয়ে প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করে বৃহস্পতিবার সকাল থেকে জাহাজ চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
তবে পর্যটন মৌসুম শুরু হলেও সেন্টমার্টিনের পরিবেশ ও জীববৈচিত্র্য সুরক্ষায় বেশ কিছু বিধিনিষেধ বহাল রয়েছে। দ্বীপে রাতে সৈকত ও আশপাশের এলাকায় আলো জ্বালানো, উচ্চ শব্দ সৃষ্টি এবং বারবিকিউ আয়োজন নিষিদ্ধ। একই সঙ্গে কেয়াবনে প্রবেশ, কেয়া ফল সংগ্রহ ও কেনাবেচা করা যাবে না।
এ ছাড়া সামুদ্রিক প্রাণী, প্রবাল ও দ্বীপের প্রাকৃতিক সম্পদের ক্ষতি করা এবং সৈকতে মোটরসাইকেল, সি-বাইকসহ কোনো ধরনের যানবাহন চালানো নিষিদ্ধ রয়েছে।
দীর্ঘ বিরতির পর জাহাজ চলাচল শুরু হওয়ায় সেন্টমার্টিন ভ্রমণে আগ্রহী পর্যটকদের মধ্যে নতুন করে উৎসাহ তৈরি হয়েছে। পর্যটনসংশ্লিষ্ট ব্যবসায়ীরাও দ্বীপে পর্যটকের আগমন বাড়ার প্রত্যাশা করছেন। তবে দ্বীপের অনন্য প্রাকৃতিক পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় পর্যটকদের সরকারি নির্দেশনা মেনে চলার আহ্বান জানিয়েছেন সংশ্লিষ্টরা।

সেন্টমার্টিন পর্যটন,পর্যটকবাহী জাহাজ,কক্সবাজার ভ্রমণ


এ জাতীয় আরো খবর