রবিবার, নভেম্বর ১, ২০২৬

সাংবাদিক,লেখক,কবি ও সংস্কৃতি কর্মীদের ‘বৈষম্যহীন মর্যাদা সংলাপ’ অনুষ্ঠিত

  • সাঈদ মামুন
  • ২০২৬-১১-০১ ১৫:২৯:১৩

অদ্য ১ নভেম্বর ২০২৬ রোববার, সকাল ১০ টায় রাজধানীর ফটো জার্নালিস্ট এসোসিয়েশন মিলনায়তনে সাংবাদিক, লেখক, কবি ও সংস্কৃতি কর্মীদের ‘বৈষম্যহীন মর্যাদা সংলাপ’ অনুষ্ঠিত হয়।
বৈষম্যহীন মর্যাদা সংলাপের মেনটর হারুনূর রশিদের সভাপতিত্বে সংলাপে অংশগ্রহণ করেন লেখক বুদ্ধিজীবি কালাম ফয়েজী, বাজার প্রতিদিন সম্পাদক রুহুল আমীন, বৈষম্যহীন মর্যাদা সংলাপের সমন্বয়ক সাঈদ মামুন, ইউনিয়ন পরিষদ সদস্য সংস্থার মহাসচিব সাইফুল ইসলাম মোজ্জেম, স্বাধীনতা পার্টির সভাপতি আবুল গফুর মিয়া, গণতান্ত্রিক ঐক্যের আহ্বায়ক রফিকুল ইসলাম, জাতীয় ঐক্য ও সংহতি পরিষদের আহ্বায়ক নাজিমুল হক, আক্যু চিকিৎসক হাওয়া বেগম, সাবেক ছাত্রনেতা কবি শফিক সেলিম প্রমুখ।
সংলাপে নেতৃবৃন্দ বলেন, সকল গণতান্ত্রিক আন্দোলনে সাংবাদিক সাংস্কৃতিক কর্মীদের ভূমিকা ছিল আপোষহীন। গণতন্ত্রের স্বার্থে সকল সাংস্কৃতিক কেন্দ্র, গণমাধ্যম, সংবাদপত্রের স্বাধীনতা, মানবাধিকার ও নিজ পেশাদারিত্ব বজায় রাখার ক্ষেত্রে মাঠে ও মাঠের বাইরে জনগণের সাথে যুগপৎ ভাবে আন্দোলন—সংগ্রামে তারা অবদান রেখে আসছে। এই সকল আন্দোলন ছিল বিদেশী আধিপত্যবাদবিরোধী বাংলাদেশী রেনেসাঁর সফল গণঅভ্যুত্থান ও দাসত্বমুক্ত সংস্কৃতির গণজাগরণ।
আমাদের প্রস্তাব-
সংবাদপত্র, গণমাধ্যম— এর সংবাদকর্মী, ফটো সাংবাদিক, সংবাদ সংশ্লিষ্ট কর্মকর্তা ও কর্মচারী ও অনুরূপ পেশাজীবীগণ স্বাধীন গণমাধ্যম, মানবাধিকার, গণতন্ত্র ও বাংলাদেশী রেনেসাঁ'র কর্মী। রক্তের বিনিময়ে অর্জিত বাংলাদেশী রেনেসাঁ বাঁচিয়ে রাখা মানে বাংলাদেশের স্বাধীনতা—সার্বভৌমত্ব রক্ষা করা। কাজেই উক্ত কর্মীগণ অন্যায়ভাবে চাকুরিচ্যুত হলে বা কোন কারণে সংবাদ মাধ্যম বন্ধ হলে উক্ত সংবাদ মাধ্যম—এর গ্রেড অনুযায়ী সরকারের সংশ্লিষ্ট দপ্তর থেকে মূলবেতন পাবেন। এছাড়াও সরকারি পেশাজীবীদের মত সংবাদ মাধ্যম সংশ্লিষ্টদের বয়স জনিত অবসরকালীন সময় এককালীন পেনশনসহ মাসিক ভাতা পাবেন। উক্ত ভাতা গ্রহীতার মৃত্যু হলে তাঁর স্ত্রী বা স্বামী উক্ত ভাতা আমৃত্যু পাবেন।
বাংলাদেশী রেনেসাঁ ও সংস্কৃতির ধারক বাহক স্বাধীন পেশাজীবী কবি, লেখক, সাংস্কৃতিক কর্মী, গ্রামীণ কবিয়াল, বয়াতি, কিচ্ছা/পালাগান গায়ক, উচ্চাঙ্গ সঙ্গীত সাধক, কাওয়াল, কীর্তন, জারীগান গায়ক, লোকজ জ্ঞানী, সামাজিক মূল্যবোধের চিন্তক, ধর্মীয় মূল্যবোধের বক্তা, গায়ক, অভিনেতা এবং অনুরূপ ব্যক্তিগণ মাসিক ভাতা ও অবসরকালীন পেনশন ও আমৃত্যু মাসিক ভাতা পাবেন । ভাতা গ্রহণকারীর মৃত্যু হলে তাঁর স্ত্রী বা স্বামী ভাতা পাবেন।
সাংবাদিক, লেখক, কবি, গায়ক, ধর্মীয় মূল্যবোধের বক্তা, ধর্মীয় নেতা, লোকজ জ্ঞানী ও অনুরূপ ব্যক্তিদের নীতি সুরক্ষা দান।
বর্তমান গণতান্ত্রিক বাংলাদেশের স্থিতিশীলতা ও সংলাপের মাধ্যমেই এই গণ—আকাঙ্খার বাস্তবায়ন চাই। আসুন, আমরা একটি বৈষম্যহীন সমাজ, মর্যাদাবান রাষ্ট্র গড়ি এবং বিশ্বের সবচেয়ে শক্তিমান শ্রেষ্ঠ জাতি গঠনের লক্ষ্যে আজকেই পরস্পরের সাথে সংলাপ করি।
 


এ জাতীয় আরো খবর