ফুলবাড়ীগেট প্রতিনিধি ঃ নগরীর খানজাহান আলী থানার গিলাতলা ইউনিয়নের আটরা এলাকায় চড়া সুদের ব্যবসা ও মিথ্যা মামলার মাধ্যমে সাধারণ মানুষকে হয়রানির প্রতিবাদে বিশাল মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। ১২ অক্টোবর বিকেলে আফিলগেট খুলনা-যশোর মহাসড়কে ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসীর যৌথ উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে উপস্থিত ভুক্তভোগীরা জানান, স্থানীয় মোঃ সিয়াম অসহায় ও হতদরিদ্র মানুষের কাছে চড়া সুদে ঋণ দেওয়ার নামে বø্যাংক নন-জুডিশিয়াল স্ট্যাম্প ও খালি চেকে স্বাক্ষর করিয়ে নিতো। পরবর্তীতে সেই স্ট্যাম্প ও চেকে ইচ্ছামতো মোটা অঙ্কের টাকা বসিয়ে অন্যায়ভাবে আদায়ের জন্য মানসিক ও আইনি চাপ সৃষ্টি করতো। এছাড়া একই এলাকার মামলাবাজ প্রিয়ার অত্যাচার ও মিথ্যা মামলার শিকার হয়ে অন্তত অর্ধশতাধিক পরিবার নিঃস্ব ও অতিষ্ঠ হয়ে পড়েছে।
সমাবেশে বক্তব্য রাখেন, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও ভুক্তভোগী হাসমত আলী, মোঃ বাবলু, মোঃ মজনু, মোঃ সোহেল, মর্জিনা বেগম, ছোট্ট, ময়না বেগম, চুমকি বেগম, তাসলিমা বেগম, বেবি বেগম, মোঃ লাভলু, পারভিন বেগম, মোঃ হানিফ প্রমুখ।
ভুক্তভোগী মনোয়ারা বেগম খানজাহান আলী থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। তিনি অভিযোগ করেন, তার ছেলেকে জোরপূর্বক তুলে নিয়ে ফাঁকা স্ট্যাম্পে স্বাক্ষর করিয়ে নেওয়া হয়। পরবর্তীতে ওই স্ট্যাম্পের ভিত্তিতে আদালতে ভুয়া মামলা দায়ের করা হলে বিজ্ঞ আদালত তার ছেলেকে জেলহাজতে প্রেরণের নির্দেশ দেন। বর্তমানে তার ছেলে কারাগারে বন্দি রয়েছে।
বক্তারা বলেন, সিয়াম ও প্রিয়ার এ ধরণের প্রতারণামূলক ফাঁদে পড়ে এলাকার প্রায় শতাধিক পরিবার আজ চরম নিরাপত্তাহীনতা ও অর্থকষ্টে দিন কাটাচ্ছে। এ বিষয়ে তারা প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ ও সিয়াম-প্রিয়া চক্রের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।