সরকারের নন-ক্যাডার ২০ কর্মকর্তাকে সিনিয়র সহকারী সচিব পদে পদোন্নতি দেওয়া হয়েছে। রোববার (১১ অক্টোবর) জনপ্রশাসন মন্ত্রণালয় এ বিষয়ে বিশেষ প্রজ্ঞাপন জারি করে।
পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তারা বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগ ছাড়াও সরকারি কর্মচারী হাসপাতাল, সরকারি যানবাহন অধিদপ্তর এবং জাতীয় উন্নয়ন প্রশাসন একাডেমিতে কর্মরত রয়েছেন।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, বাংলাদেশ সচিবালয় ক্যাডার বহির্ভূত গেজেটেড কর্মকর্তা এবং নন-গেজেটেড কর্মচারী নিয়োগ বিধিমালা, ২০১৪-এর ৫ নম্বর বিধি অনুসারে এ পদোন্নতি দেওয়া হয়েছে। নতুন বেতন-ভাতা আদেশ, ২০২৬ অনুযায়ী পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তারা ষষ্ঠ গ্রেডে বেতন পাবেন। এ গ্রেডের বেতনসীমা ৭১ হাজার থেকে ১ লাখ ৩৪ হাজার টাকা।
পদোন্নতিপ্রাপ্তদের মধ্যে রয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের হরিচরণ চৌধুরী ও ফরিদা ইয়াসমিন, বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের মো. কামাল হোসেন, মো. তৈয়াবুর রহমান মোল্যা ও মো. সাইদুর রহমান, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের মল্লিকা রানী মণ্ডল, বাণিজ্য মন্ত্রণালয়ের মো. হুমায়ূন কবীর ও রুবিয়া খাতুন এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মো. মফিজুল ইসলাম।
এ ছাড়া তালিকায় রয়েছেন সরকারি কর্মচারী হাসপাতালের মো. মাকসুদুর রহমান, শিল্প মন্ত্রণালয়ের শংকর কুমার শীল, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মো. শওকতুল আম্বিয়া, সরকারি যানবাহন অধিদপ্তরের মো. রেজাউল করিম, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সেলিনা আক্তার, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের মো. রাশিদুল করিম এবং ভূমি মন্ত্রণালয়ের শাহানা আক্তার।
অন্য পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তারা হলেন জাতীয় উন্নয়ন প্রশাসন একাডেমির স্বপ্না রানী সোম, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের দেলোয়ার হোসেন, পরিকল্পনা বিভাগের মেহেরুন্নেছা এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মো. মহিউদ্দীন শামীম।
প্রজ্ঞাপনের নির্দেশনা অনুযায়ী, পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাদের প্রথমে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে জনপ্রশাসন মন্ত্রণালয়ে যোগদান করতে হবে। তাঁরা সরাসরি অথবা ই-মেইলে মন্ত্রণালয়ের সচিব বরাবর যোগদানপত্র পাঠাতে পারবেন। তবে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সবাই নিজ নিজ বর্তমান কর্মস্থলে দায়িত্ব পালন করবেন।
নন-ক্যাডার পদোন্নতি, সিনিয়র সহকারী সচিব, জনপ্রশাসন মন্ত্রণালয়