অক্টোবর মাসে দেশের ভোক্তা পর্যায়ে জ্বালানি তেলের দাম অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। ফলে সেপ্টেম্বরের শেষ দিকে নির্ধারিত দামেই অক্টোবর মাসে ডিজেল, অকটেন, পেট্রোল ও কেরোসিন বিক্রি হবে।
বুধবার জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের অপারেশন-১ শাখা থেকে জারি করা এক পত্রে এ সিদ্ধান্ত জানানো হয়। সিদ্ধান্তটি ১ অক্টোবর থেকে কার্যকর হয়েছে।
নির্ধারিত দামে প্রতি লিটার ডিজেল ১৩৫ টাকা, অকটেন ১৬৫ টাকা, পেট্রোল ১৬০ টাকা এবং কেরোসিন ১৫৫ টাকা দরে বিক্রি হবে।
এর আগে ২০ সেপ্টেম্বর জ্বালানি তেলের দাম পুনর্নির্ধারণ করা হয়, যা পরদিন ২১ সেপ্টেম্বর থেকে কার্যকর হয়। তখন ডিজেলের দাম প্রতি লিটারে ১১৫ টাকা থেকে বাড়িয়ে ১৩৫ টাকা করা হয়। একইভাবে অকটেন ১৪৫ টাকা থেকে ১৬৫ টাকা, পেট্রোল ১৪০ টাকা থেকে ১৬০ টাকা এবং কেরোসিন ১৩৫ টাকা থেকে বাড়িয়ে ১৫৫ টাকা নির্ধারণ করা হয়।
সেপ্টেম্বরে বাড়ানো ওই দামই অক্টোবর মাসে বহাল থাকায় নতুন করে কোনো মূল্য সমন্বয় হচ্ছে না।
জ্বালানি তেল,তেলের দাম,অক্টোবর