গাজীপুর মহানগরীর ধীরাশ্রম এলাকায় মালবাহী ট্রাকের ধাক্কায় ব্যাটারিচালিত অটোরিকশার তিন যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন। তাদের উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বুধবার (২৩ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে ধীরাশ্রম এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি।
গাজীপুর সদর (মেট্রোপলিটন) থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে ধীরাশ্রম এলাকায় যাত্রীবাহী ব্যাটারিচালিত অটোরিকশাটি সড়ক দিয়ে যাওয়ার সময় একটি মালবাহী ট্রাক সেটিকে ধাক্কা দেয়। এতে অটোরিকশাটি ছিটকে সড়কের পাশে পড়ে যায়।
দুর্ঘটনায় অটোরিকশায় থাকা তিন যাত্রী ঘটনাস্থলেই মারা যান। অপর তিনজন গুরুতর আহত হলে স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠান।
ওসি আমিনুল ইসলাম জানান, দুর্ঘটনাস্থল থেকে তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। তাদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। দুর্ঘটনায় জড়িত ট্রাকটি আটক করা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন।
গাজীপুর, সড়ক দুর্ঘটনা, তিনজন নিহত