পরিবেশ সুরক্ষা, পরিচ্ছন্নতা বজায় রাখা এবং ডেঙ্গু প্রতিরোধে শিক্ষার্থীদের সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দেশের ইতিবাচক পরিবর্তনে বড় উদ্যোগের পাশাপাশি ছোট ছোট ভালো কাজের গুরুত্ব তুলে ধরে তিনি বলেছেন, পরিবর্তনের কাজ শুরু করতে হবে নিজের ঘর থেকেই।
বুধবার ৯ সেপ্টেম্বর বিকেল সাড়ে ৪টায় জাতীয় সংসদ ভবনে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে সানিডেল স্কুলের শিক্ষার্থীদের সঙ্গে সাক্ষাৎকালে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।
জাতীয় সংসদের কার্যক্রম সম্পর্কে শিক্ষার্থীদের ধারণা দেওয়া এবং অধিবেশন সরাসরি প্রত্যক্ষ করার সুযোগ করে দিতে রাজধানীর ইংরেজি মাধ্যমের এ শিক্ষাপ্রতিষ্ঠানের ১২৪ জন শিক্ষার্থী সংসদে আসে। তাদের সঙ্গে ছিলেন ১৪ জন শিক্ষক।
সংসদ অধিবেশন চলাকালে আসরের নামাজের বিরতির সময় শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন প্রধানমন্ত্রী। এ সময় তিনি তাদের পড়াশোনা, স্বাস্থ্য ও অন্যান্য বিষয়ে খোঁজখবর নেওয়ার পাশাপাশি পরিবেশ রক্ষা, পরিচ্ছন্নতা, জনস্বাস্থ্য এবং ডেঙ্গুর প্রকোপ মোকাবিলায় শিক্ষার্থীদের করণীয় নিয়ে আলোচনা করেন।
প্রধানমন্ত্রী বলেন, দেশের পরিবেশকে আরও সুন্দর ও সবুজ করতে সরকার ২৫ কোটি বৃক্ষ রোপণের উদ্যোগ নিয়েছে। এ কর্মসূচিতে শিক্ষার্থীদেরও অংশ নেওয়া উচিত। নিজেদের বাসা ও শিক্ষাপ্রতিষ্ঠানের পাশাপাশি আত্মীয়স্বজনের বাড়ির আশপাশেও গাছ লাগানোর অভ্যাস গড়ে তুলতে হবে।
বিশেষ দিনগুলোকে বৃক্ষরোপণ ও গাছ উপহার দেওয়ার সঙ্গে যুক্ত করার পরামর্শ দিয়ে তিনি বলেন, জন্মদিন বা অন্য কোনো বিশেষ উপলক্ষে একে অন্যকে গাছ উপহার দেওয়া যেতে পারে। এভাবে সমাজে গাছ উপহারের একটি সংস্কৃতি গড়ে তুলতে হবে।
দেশের পরিচ্ছন্নতা নিশ্চিত করতে নাগরিকদের পাশাপাশি শিক্ষার্থীদেরও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান প্রধানমন্ত্রী। বিদেশের পরিচ্ছন্ন পরিবেশের উদাহরণ তুলে ধরে তিনি বলেন, সেসব দেশের নাগরিকরাই তাদের পরিবেশ পরিচ্ছন্ন রাখেন। বাংলাদেশকেও পরিচ্ছন্ন রাখতে হলে মানুষকে যত্রতত্র ময়লা-আবর্জনা ফেলা থেকে বিরত রাখতে হবে।
কেউ পরিবেশ নোংরা করলে তাকে নিরুৎসাহিত করার আহ্বান জানিয়ে তিনি বলেন, বন্ধু বা স্বজনদের কেউ রাস্তায় ময়লা ফেললে কিংবা পরিবেশ নোংরা করলে তাদের তা না করার জন্য বলতে হবে।
প্রধানমন্ত্রী বলেন, লন্ডন ও আমেরিকার পরিবেশ সেখানকার নাগরিকরাই পরিচ্ছন্ন রাখেন। আমরা যদি নিজেদের ঘর এবং ঘরের আশপাশ পরিষ্কার রাখি, তাহলে ধীরে ধীরে পুরো দেশকেই পরিচ্ছন্ন রাখা সম্ভব। তাই দেশ পরিবর্তনের কাজ নিজের ঘর থেকেই শুরু করতে হবে।
ডেঙ্গু প্রতিরোধেও শিক্ষার্থীদের সতর্ক থাকার পরামর্শ দিয়ে তিনি বলেন, সেপ্টেম্বর থেকে পরবর্তী তিন মাস ডেঙ্গুর ঝুঁকি বেশি থাকে। তাই আগে থেকেই প্রতিরোধমূলক ব্যবস্থা নিতে হবে। নিজেদের বাসা ও আশপাশ পরিষ্কার রাখার পাশাপাশি কোথাও পানি জমে আছে কি না, সেদিকেও নিয়মিত নজর দিতে হবে।
প্রধানমন্ত্রী আরও বলেন, সমাজ ও দেশের ইতিবাচক পরিবর্তনে ছোট ছোট অনেক কাজ বড় ভূমিকা রাখতে পারে। শিক্ষার্থীদের এসব কাজে সম্পৃক্ত হয়ে সুন্দর,পরিচ্ছন্ন ও সবুজ বাংলাদেশ গড়ে তুলতে সহযোগিতা করতে হবে।
প্রধানমন্ত্রীর সঙ্গে সরাসরি সাক্ষাৎ করতে পেরে উচ্ছ্বাস প্রকাশ করে সানিডেলের শিক্ষার্থীরা। তারা দেশের ইতিবাচক পরিবর্তন এবং পরিচ্ছন্ন ও সবুজ বাংলাদেশ গড়তে প্রধানমন্ত্রীর আহ্বানে সাড়া দেওয়ার প্রতিশ্রুতি দেয়।
আগামী দিনের নেতৃত্ব গড়ে তুলতে তরুণদের উৎসাহিত করার উদ্যোগের অংশ হিসেবে শিক্ষার্থীদের জাতীয় সংসদের কার্যক্রম সম্পর্কে ধারণা দিতে এবং সংসদ অধিবেশন প্রত্যক্ষ করার সুযোগ করে দেওয়া হয়। এ উদ্দেশ্যেই সানিডেলের শিক্ষার্থীরা ও শিক্ষকবৃন্দ আজ জাতীয় সংসদে উপস্থিত হন।
কী-ওয়ার্ড: পরিবেশ, ডেঙ্গু, পরিচ্ছন্নতা