মঙ্গলবার, সেপ্টেম্বর ৮, ২০২৬

শুভ জন্মাষ্টমীতে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বিনিময়

  • নিজস্ব প্রতিবেদক
  • ২০২৬-০৯-০৩ ১১:৫৪:৫১
ছবি: সংগৃহীত।

শুভ জন্মাষ্টমী উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় তিনি পুরোহিত ও সেবাইতদের মধ্যে সম্মানী বিতরণ করেন।
বৃহস্পতিবার সকাল ১০টায় রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত বর্ণাঢ্য অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন প্রধানমন্ত্রী। ধর্ম বিষয়ক মন্ত্রণালয় ও হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের যৌথ উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে দেশের হিন্দু সম্প্রদায়ের শীর্ষস্থানীয় প্রতিনিধি,ধর্মীয় গুরু,বিশিষ্ট নাগরিক এবং বিভিন্ন প্রান্ত থেকে আসা পুরোহিত ও সেবাইতরা অংশ নেন।
আলোচনা পর্বে সনাতন ধর্মাবলম্বী নেতারা গত ছয় মাসে সরকারের বিভিন্ন ইতিবাচক কর্মকাণ্ড ও পদক্ষেপের জন্য কৃতজ্ঞতা জানান। একই সঙ্গে অতীতে সনাতন ধর্মাবলম্বীদের ওপর সংঘটিত নির্যাতনের বিচার দাবি করেন তারা। জাতি, ধর্ম ও বর্ণ নির্বিশেষে দেশের সব মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে প্রধানমন্ত্রীর প্রতি আহ্বানও জানান নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর জনপ্রশাসন উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ,স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ চৌধুরী, ধর্মমন্ত্রী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ,ধর্মপ্রতিমন্ত্রী মোহাম্মদ শামীম কায়সার লিংকন,সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী এবং অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীসহ বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
জন্মাষ্টমীর অনুষ্ঠানে অংশ নিতে প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশ সচিবালয়ে নিজ দপ্তর থেকে পায়ে হেঁটে ওসমানী স্মৃতি মিলনায়তনে পৌঁছান।

জন্মাষ্টমী, শুভেচ্ছা, নিরাপত্তা


এ জাতীয় আরো খবর