বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) মহাপরিচালক (ডিজি) পদে নিয়োগ পেয়েছেন কবি, সাংবাদিক ও সংবাদ উপস্থাপক কাজী জেসিন। এক বছরের জন্য চুক্তিভিত্তিক এই নিয়োগ কার্যকর হবে তার দায়িত্ব গ্রহণের দিন থেকে।
বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয় এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে,‘বাংলাদেশ টেলিভিশন কর্তৃপক্ষ আইন, ২০০১’-এর বিধান অনুযায়ী অন্যান্য প্রতিষ্ঠান বা সংস্থার সঙ্গে কর্ম-সম্পর্ক ছিন্ন করার শর্তে তাকে গ্রেড-১ পদে নিয়োগ দেওয়া হয়েছে। চুক্তির মেয়াদ, দায়িত্ব ও অন্যান্য শর্ত পৃথক চুক্তিপত্রের মাধ্যমে নির্ধারিত হবে।
দীর্ঘ সাংবাদিকতা জীবনে কাজী জেসিন দেশের বিভিন্ন শীর্ষস্থানীয় গণমাধ্যমে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। তিনি দৈনিক আমার দেশ, এনটিভি, চ্যানেল ওয়ান, একুশে টেলিভিশন,বাংলাভিশন এবং যমুনা টিভি-তে সংবাদ ও ব্যবস্থাপনার বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন।
গাইবান্ধায় জন্ম নেওয়া কাজী জেসিন যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব কামব্রিয়া থেকে টেকসই উন্নয়ন ও নেতৃত্ব বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। সাংবাদিকতার পাশাপাশি সাহিত্যাঙ্গনেও তিনি পরিচিত নাম। ১৯৯৭ সালে লিটল ম্যাগাজিনে লেখালেখির মাধ্যমে সাহিত্যজীবন শুরু করেন।
তার প্রকাশিত উল্লেখযোগ্য কাব্যগ্রন্থের মধ্যে রয়েছে ‘জোছনামত্ত যাত্রা’ এবং ‘তানানুম তানানুম’।
বিটিভি, কাজী জেসিন, মহাপরিচালক