শনিবার, আগস্ট ২২, ২০২৬

মির্জা ফখরুলকে চীন,পাকিস্তান ও নেপালের রাষ্ট্রপ্রধানদের অভিনন্দন

  • আন্তর্জাতিক ডেস্ক
  • ২০২৬-০৮-২২ ০০:২০:৫৩
ছবি: সংগৃহীত।

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছেন চীন, পাকিস্তান ও নেপালের রাষ্ট্রপ্রধানরা। অভিনন্দনবার্তায় তাঁরা মির্জা ফখরুলের সফল দায়িত্ব পালনের প্রত্যাশার পাশাপাশি বাংলাদেশের সঙ্গে নিজ নিজ দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদারের আগ্রহ প্রকাশ করেছেন।
চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত সংবাদ সম্মেলনে মুখপাত্র লিন জিয়ান বলেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় চীন তাঁকে অভিনন্দন জানাচ্ছে। তিনি বলেন, চীন বাংলাদেশকে গুরুত্বপূর্ণ অংশীদার হিসেবে দেখে এবং দুই দেশের নেতাদের মধ্যে বিদ্যমান গুরুত্বপূর্ণ ঐকমত্য বাস্তবায়নে বাংলাদেশের সঙ্গে কাজ করতে প্রস্তুত।
লিন জিয়ান আরও বলেন, উচ্চমানের বেল্ট অ্যান্ড রোড সহযোগিতা এগিয়ে নেওয়া, বিভিন্ন ক্ষেত্রে পারস্পরিক বিনিময় ও সহযোগিতা সম্প্রসারণ এবং নতুন যুগে চীন-বাংলাদেশ অভিন্ন ভবিষ্যতের অংশীদারত্ব গড়ে তুলতে বেইজিং নতুন অগ্রগতি অর্জনে কাজ করবে।
এদিকে পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলি জারদারি অভিনন্দনবার্তায় মির্জা ফখরুলের নেতৃত্বে বাংলাদেশের অগ্রযাত্রা অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন। একই সঙ্গে তিনি দুই দেশের সম্পর্ক আরও শক্তিশালী করতে মির্জা ফখরুলকে পাকিস্তান সফরের আমন্ত্রণ জানান।
জারদারি বলেন, অভিন্ন ইতিহাস, ধর্মীয় ও সাংস্কৃতিক বন্ধনের ভিত্তিতে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। সাম্প্রতিক সময়ে দুই দেশের সম্পর্কে যে ইতিবাচক গতি তৈরি হয়েছে, তা আরও এগিয়ে নেওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।
অন্যদিকে বাংলাদেশের নতুন রাষ্ট্রপতিকে অভিনন্দন জানিয়েছেন নেপালের প্রেসিডেন্ট রামচন্দ্র পৌডেল। তিনি মির্জা ফখরুলের দায়িত্ব পালনে সাফল্য কামনা করে বলেন, নেপাল ও বাংলাদেশের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও গভীর করার পাশাপাশি দুই দেশের জনগণের মধ্যকার যোগাযোগ ও পারস্পরিক সম্পর্ক জোরদারে তাঁর দেশ প্রতিশ্রুতিবদ্ধ।
নেপালের প্রেসিডেন্ট আশা প্রকাশ করেন, দুই দেশের বিদ্যমান ঘনিষ্ঠ ও সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক আগামী দিনে আরও বিকশিত হবে।

অভিনন্দন, রাষ্ট্রপতি, দ্বিপক্ষীয় সম্পর্ক


এ জাতীয় আরো খবর