শনিবার, আগস্ট ১৫, ২০২৬

অ র্চ না মা লা কা র

  • আমার জন্মভূমি
  • ২০২৬-০৮-১৪ ১৬:৩৬:২৬

এদেশ তোমার এদেশ আমার প্রিয় জন্মভূমি,
যে দেশে জন্মে ধন্য হলাম আমি এবং তুমি।
যে মাটির গন্ধে আকুল জীবনানন্দ, নজরুল,
যে মাটিতে সুবাস ছড়ায় জুঁই, চামেলি, বকুল।
এ মাটিতেই কৃষক ফসল ফলায় বারোমাস,
ধান-গম ও মসুর-কলাই আর সোনালি আঁশ।
সবার আহার যোগাতেই শ্রম দেয় দিনরাত,
পরের হিতে ভুলে যায় নিজের ঘরে নেই ভাত।
নেই ক্লান্তি নেই অবসাদ কণ্ঠেতে সুরের জাল,
ওরা কেবল পরের হিতে ব্যস্ত থাকে চিরকাল।
ভাঙা ঘরে জীবন কাটায় করে নাকো অভিযোগ,
ওরা ফলায় সোনার ফসল আমরা করি ভোগ।
নদীগুলো মায়ের মতোই বয়ে চলে নিরবধি,
এ সংসারে সবার মুখে নির্মল হাসি দেখে যদি।
জেলের ঘরে মাছ থাকে না অন্যেরে দেয় যোগান,
ঘরামির চালে খড় থাকে না নেই তো অভিমান।
চির সবুজে ঘেরা এ দেশে জন্মে ধন্য মনে করি,
এ মাটির গন্ধ গায়ে মেখে মাগো যাই যেন মরি।

 


এ জাতীয় আরো খবর